Tag: করোনা

  • করোনা থেকে রক্ষায় সিঙ্গাপুরে সবাইকে মাস্ক পরার নির্দেশ

    করোনা থেকে রক্ষায় সিঙ্গাপুরে সবাইকে মাস্ক পরার নির্দেশ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ মে, ২০২৪: বিশ্বের বিভিন্ন দেশে আবার করোনা ছড়িয়ে পড়ার আভাস পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুরেও নতুন করে ছড়িয়ে পড়ছে কোভিড। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সপ্তাহখানেকের মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ।

    পরিস্থিতি বিবেচনায় দেশটিতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরে স্বাস্থ্যমন্ত্রী। শনিবার (১৮ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

    জানা গেছে, সিঙ্গাপুরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ৫ মে থেকে ১১ মে পর্যন্ত সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ। এমন অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং শনিবার দেশের সবাইকে আবার মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

    তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেছেন, ‘আমরা সংক্রমণের শুরুর দিকে রয়েছি, এখন এটি ক্রমাগত বেড়েই চলেছে। এই ভাবে চললে আর ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই এটা শীর্ষে পৌঁছাবে। অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে শেষদিকে।’

    সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ মে থেকে ১১ মে পর্যন্ত সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ। এর আগের সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ১৩ হাজার ৭০০ জন।

    এই পরিস্থিতিতে চারটি বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে সকলকে। প্রথমত, বার বার হাত ধোয়ার মতো সতর্কতা অবলম্বন করা। দ্বিতীয়ত, ভিড় এলাকায় গেলে, বিশেষত সংক্রমিত হওয়ার লক্ষণ থাকলে মাস্ক পরা। তৃতীয়ত, অসুস্থতা থাকলে সামাজিক মেলামেশা বন্ধ রাখা এবং চতুর্থত, করোনাভাইরাস টিকা নেওয়া।

    এদিকে কোভিডে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই তাদের বাড়িতে থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বাড়ছে। এর আগের সপ্তাহে প্রতিদিন যেখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮১ জন, সেখানে এবার তা বেড়ে হয়েছে ২৫০। যদিও তাদের মধ্যে আইসিইউতে ভর্তি হয়েছেন মাত্র ৩ জন। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ২।

    ৬০ বছর বা তার বেশি বয়সের ব্যক্তি, চিকিৎসাগতভাবে দুর্বল ব্যক্তি এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দা-সহ যারা গুরুতর রোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন দেশটির স্বাস্থ্য বিভাগ।

  • করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর

    করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়।

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    এ সময়  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

    করোনার নতুন ধরনের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে মহাপরিচালক বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু এতে প্রাণহানির শঙ্কা কম। এই ভ্যারিয়েন্টের এগেনেস্টে আমাদের যে ভ্যাকসিন আছে, সেটা কার্যকরি এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।”

    তিনি আরও বলেন, “এই সিজনে অন্যান্য বছরের তুলনায় অবশ্যই নিউমোনিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে।”

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “আমাদের বাতাসে যে পরিমাণ ধুলা-বালি, ময়লা আছে তা খুব একটা সুখকর নয়। আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ স্বাস্থ্য বিধি মেনে চলতে বলছি। আমরা ফ্রন্ট লাইনে যেমন ডাক্তার আছেন, তাদেরকে আমরা বলছি আমাদের টিকা আছে, আপনারা টিকা নিয়ে নেবেন।”