www.HelloBangla.News – অর্থনীতি – ৩ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), ঘোষণা অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এ ঘোষণা দেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।
ঘোষণায় বলা হয়, সাড়ে পাঁচ কেজির সিলিন্ডার ৬৪৪ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৪৬৩ টাকা, ১৫ কেজির সিলিন্ডার এক হাজার ৭৫৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডার এক হাজার ৮৭২ টাকা, ১৮ কেজির সিলিন্ডার দুই হাজার ১০৭ টাকা, ২০ কেজির সিলিন্ডার দুই হাজার ৩৪০ টাকা, ২২ কেজির সিলিন্ডার দুই হাজার ৫৭৫ টাকা, ২৫ কেজির সিলিন্ডার দুই হাজার ৯২৬ টাকা, ৩০ কেজির সিলিন্ডার তিন হাজার ৫১১ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার তিন হাজার ৮৬২ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার চার হাজার ৯৬ টাকা ও ৪৫ কেজির সিলিন্ডার পাঁচ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জানান, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।এছাড়া ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।
২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।
এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
