Tag: এইচএসসি

  • এইচএসসি পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয়

    এইচএসসি পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয়

    www.HelloBangla.News – শিক্ষা – ১২ আগস্ট, ২০২৪: এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    আজ সোমবার (১২ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

    এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি রবিবার (১১ আগস্ট) প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়।

    ‘এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষার সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। ’

    গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা আবার স্থগিত করা হয়েছে।

  • আজ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে

    আজ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে

    www.HelloBangla.News – শিক্ষা – ৩০ জুন, ২০২৪: আজ রবিবার (৩০ জুন) থেকে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    এবার পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।

    প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে না গিয়ে বিকেল ৫টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফ করবেন।

    প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

    শিক্ষা মন্ত্রণালয় জানায়, এইচএসসি পরীক্ষা ২০২৪-এর সকল পরীক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে অংশগ্রহণ করবে।

    সাধারণ শিক্ষা বোর্ডসমূহে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। মাদরাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে ১৮ জুলাই শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে।

    ৯ হাজার ৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই সিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।

    নয়টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন জন। এসব পরীক্ষার্থীরা ৪ হাজার ৮৭০টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।

    মাদরাসা শিক্ষা বোর্ডর অধীনে আলীম পরীক্ষায় পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৮৮ হাজার ৭৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। এসব পরীক্ষার্থী ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেবে ৪৫২টি কেন্দ্রে।

    কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। এসব পরীক্ষার্থী মোট ১ হাজার ৯০৮টি প্রতিষ্ঠান থেকে ৭০৭টি কেন্দ্রে পরীক্ষা বসবে।

    প্রথম দিন সকালে রাজধানিতে বৃষ্টি থাকার কারণে রাস্তায় যানজট ও পানি জমে থাকার কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে বিড়ম্বনায় পড়তে হয়।

  • আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু

    আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেটচ (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষাবোর্ডগুলো।

    সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। ১১ আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর ১২ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ আগস্টের মধ্যে শেষ হবে।

    আগামী ১৬ এপ্রিল থেকে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ না করতে পারলে পরে বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করার সুযোগ রয়েছে।

    জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

    করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

    ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল।

    ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল। তবে এবার পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।