Tag: এআইআইবি

  • এআইআইবি’র সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইআইবি’র সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুলাই, ২০২৪: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং ডিজিটাল দেশে রূপান্তর করতেই এই আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের উন্নয়ন যাত্রা এবং ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে এআইআইবি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

    এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বেইজিংয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

    চীন সফরের দ্বিতীয় দিনের কর্মকা- সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলার জন্য এআইআইবির কাছে অর্থ সহায়তা চেয়েছেন।

    তার সরকার উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু বাড়িঘর নির্মাণ করছে উল্লেখ করে তিনি এই লক্ষ্যে আর্থিক সহায়তা চেয়েছেন।

    প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে এআইআইবি এর অবদানের কথাও স্মরণ করেন।

    তিনি বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক অতীতে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    শেখ হাসিনা বাংলাদেশের জন্য ঋণের সুদের হার আরও কমানোর জন্য এআইআইবিকে অনুরোধ করেন।

    জবাবে এআইআইবি প্রেসিডেন্ট বলেন, ব্যাংকটি এর আগে বাংলাদেশের জন্য বিশেষ ছাড় দিয়েছে এবং আবারও অনুরূপ সুবিধা দেওয়ার কথা বিবেচনা করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ তার ব্যাংকের সবচেয়ে বড় ঋণগ্রহীতা।

    এআইআইবির ভাইস প্রেসিডেন্ট এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় এআইআইবি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন।

    ব্রিফিংকালে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এআইআইবি

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এআইআইবি

    www.HelloBangla.News – অর্থনীতি – ৫ মার্চ, ২০২৪: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। ব্যাংকটির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র বলেছেন, আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো লিমিট নেই, আমরা অবশ্যই এটি বাড়ানোর চেষ্টা করব।

    আজ মঙ্গলবার (০৫ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

    বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বলেন, “আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই। কারণ দেশটির অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। মেট্রোরেলসহ নানান ক্ষেত্রে তাদের সফলতা মুগ্ধ করেছে। হয়তো সামনে আরও সমৃদ্ধ হবে। আমরা কিছু ঝুঁকিপূর্ণ এরিয়াতে কাজ করি যেমন জলবায়ুতে অর্থায়ন। আমরা ক্লাইমেট ফাইন্যান্সের জন্য পলিসি তৈরির জন্য বসেছি। আমরা একটি প্রকল্প নিতে চাই যেটি বৈশ্বিক জলবায়ুতে এআইআইবির প্রথম অর্থায়ন। তাই এটি আমাদের জন্য মূল্যবান অংশীদারত্ব।”

    এআইআইবি ১৭ প্রকল্পে ৩.৩৫ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে, সেটি কি সামনে বাড়ানোর পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রজত মিশ্র বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো লিমিট নেই। আমরা অবশ্যই এটি বাড়ানোর চেষ্টা করব। আমরা পলিসি গ্রহণের জন্য কাজ করছি, একই সাথে আমরা প্রকল্পগুলো নিয়েও কাজ করছি।

    নতুন কোনো সেক্টরে সহযোগিতা চাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “তারা বলেছেন, যেটাই হোক আপনারা বের করুন, আমরা সহযোগিতা করার চেস্টা করব। তারা পলিসি নিয়েও কাজ করছে, একই সাথে প্রয়োজনের বিষয়টিও আসছে। ওনারা একই সাথে দুইটা কনসিডার করবেন। এটা কিছুটা নতুন। আমরা খুবই খুশি।”

    অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, “অবকাঠামোগত খাতে তারা বেশি যুক্ত হতে চান। আমরা সে ব্যাপারে সম্মত। আমরা বাজেট সাপোর্ট প্রোগ্রাম আরও দেওয়ার অনুরোধ করেছি। তারা বললেন, এটাই তাদের প্রথম বৈশ্বিক জলবায়ুতে অর্থায়ন।”