www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকা প্রতীকের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু করেছে আওয়ামী লীগ।
আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দলটি।এলাকাটিত উৎসবের আমেজ বিরাজ করছে।
এর আগে সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয়ে আসতে শুরু করেন। ফরম বিক্রি শুরুর আগেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। তবে একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যেন অনেক মানুষ কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারেন, সেজন্য কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। সারি বেঁধে মনোনয়নপ্রত্যাশীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন তারা। একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কয়েকজন সমর্থককেই ঢুকতে দেওয়া হচ্ছে।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে গত দুইদিন ধরে উৎসবের আমেজ বইছে আওয়ামী লীগের কার্যালয়ে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ গতকাল শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, প্রথম দিনে সশরীরে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। প্রথম দিন ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।
