Tag: ইসরায়েলি হামলায় গাজায়

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০ জন

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ ডিসেম্বর, ২০২৩: দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে এ তথ্য জানান।

    গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত  ১৯ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৪০ জনের প্রাণ গেছে।যতিও এব সপ্তাহ যুদ্ধবিরোতি কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

    এদিকে ইসরায়েল বলছে, দেশটির বাহিনী উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, ওই এলাকায় হামাসকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলছেন, তার দেশ জিম্মিদের মুক্তির বিনিময়ে দ্বিতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল হানিয়া যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় আলোচনার জন্য বুধবার মিশরে যাবেন বলে আশা করা হচ্ছে।

    এদিকে দক্ষিণ গাজায় রাফাহ শহরে গোলাবর্ষণের ফলে হতাহতের খবর পাওয়া গেছে।  আল-শাবোরা থেকে আহতরা খান ইউনিসের নাসের হাসপাতালে আসতে শুরু করেছেন।

  • ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি

    ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ ডিসেম্বর, ২০২৩: এক সপ্তাহের যুদ্ধবিরতিসহ প্রায় দুই মাসের যুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারিয়েছে ১৭ হাজার ১৭৭ জন। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৬ হাজার ফিলিস্তিনি।

    আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৭ হাজার ১৭৭ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী। অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪৬ হাজার মানুষ আহত হয়েছেন।

    আশরাফ আল-কুদরা বলেছেন, ‘ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯০ জন চিকিৎসক নিহত হয়েছেন, ১০২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে এবং ১৬০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ২০টি হাসপাতাল এবং ৪৬টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রকে পরিষেবা বন্ধ করতে বাধ্য করা হয়েছে।’

    তিনি বলেন, ‘চলমান হামলা এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তি ও আহতের সংখ্যা গণনা করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি।’

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা।

    এই পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যায় পশ্চিমারা সহায়তা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের শুরুতে এই অভিযোগ করেন তিনি।

    মূলত মধ্যপ্রাচ্যে হামাস-ইসরায়েল যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে ক্রেমলিনে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ইব্রাহিম রাইসি। বৈঠকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এ সময় রাইসি বলেন, ‘ফিলিস্তিন ও গাজায় যা ঘটছে তা অবশ্যই গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা আরও দুঃখজনক যে, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এই গণহত্যায় সমর্থন করছে।’

    এই পরিস্থিতিতে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে একথা জানান তিনি।

    এই পরিস্থিতিতে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে একথা জানান তিনি।

    হামাস নেতাদের আত্মসমর্পণ এবং বন্দিদের প্রত্যাবর্তনের মাধ্যমে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে বলে ইসরায়েলের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান এদিন সাংবাদিকদের বলেন, ‘হামাস নেতারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে এবং বন্দিদের (গাজা থেকে) ফিরিয়ে দিতে হবে।’

  • ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ জন শিশু

    ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ জন শিশু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ নভেম্বর, ২০২৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) তথ্য মতে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে ১৬০ জন শিশু নিহত হচ্ছে। এছাড়া গত এক মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ১০ হাজারে।

    নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৭ হাজার। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশু নিহত হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে। জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর কর্মকর্তা ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘(ফিলিস্তিনি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশুকে হত্যা করা হচ্ছে।’

    লিন্ডমেয়ার বলেন, ‘গাজার হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এবং যারা বেঁচে আছেন তারাও ট্রমা, নানা রোগ এবং খাবার ও পানির অভাবে ভুগছেন। বেঁচে থাকার জন্য এসব মানুষের পানি, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্যসেবার নিরাপদ সরবরাহ প্রয়োজন।’

    ডব্লিউএইচওর কর্মকর্তা আরও বলেন, রসদ, কনভয় এবং মানবিক সহায়তা সরবরাহ প্রস্তুত রয়েছে। সবকিছু সেট আপ করা হয়েছে। কিন্তু যা নেই তা হলো- এগুলো নিয়ে গাজায় প্রবেশাধিকার এবং এটিই আমাদের প্রয়োজন। রোগীদের সুরক্ষা এবং হাসপাতালগুলো যেকোনও উপায়ে নিরবচ্ছিন্ন ভাবে নিরাপদ রাখা প্রয়োজন।

    গাজা উপত্যকার উত্তরের হাসপাতালগুলোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডব্লিউএইচও কেবলমাত্র ‘একবারই’ হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে।

    গাজার হাসপাতালগুলোর নিচে হামাসের টানেলের কারণে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে ইসরায়েল যে দাবি করেছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন: ‘ হাসপাতালের নিচে কী আছে তা আমরা যাচাই করতে পারি না। আমরা যা যাচাই করতে পারি তা হাসপাতালে এবং মাটির ওপরে যা আছে সেগুলো। হাসপাতালগুলোতে জরুরিভাবে চিকিৎসার সুযোগ-সুবিধা প্রয়োজন।’

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০ হাজার ৩২৮ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ২৩৭ শিশু এবং ২ হাজার ৭১৯ জন নারী রয়েছেন।

  • ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত হচ্ছে

    ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত হচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ অক্টোবর, ২০২৩: ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে।

    টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। সংঘাতের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

    পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু। এমন তথ্যই সামনে এনেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম ।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ক্যাথরিন রাসেল বলেছেন, গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে, তাদের ভাগ্য এখনও অজানা।

    রাসেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এবং সংঘাত-শত্রুতা যদি শেষ না হয়, তাহলে আমি এই অঞ্চলের শিশুদের ভাগ্য নিয়ে শঙ্কিত।’

    পরে তিনি নিরাপত্তা পরিষদকে ‘অবিলম্বে’ একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি গাজায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি এবং অবিলম্বে বন্দি সব শিশুর নিরাপদ মুক্তির বিষয়টি উল্লেখ থাকার কথা জানান ক্যাথরিন রাসেল।

    এদিকে মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার রাতে আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ওই ১৪ জন নিহত হন।