Tag: মারা গেছেন

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মার্চ, ২০২৪: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মারা গেছেন। আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    দীর্ঘদিন ধরে গোলাম আরিফ টিপু বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন।

    তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক। ১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন তার নেতৃত্বেই সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে।

    গোলাম আরিফ টিপু ১৯৫৮ সালে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি একাধিকবার রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

  • গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন

    গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন

    www.HelloBangla.News – বিনোদন – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: ভারত তথা উপমহাদেশীয় অঞ্চলের জনপ্রিয় ও খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর গজল সংগীতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।

    আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

    পঙ্কজ উদাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস। তিনি বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস আজ মারা গেছেন।’

    পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে আহত শিরোনামের একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং পরে ১৯৮১ সালে মুকারার, ১৯৮২ সালে তারান্নুম, ১৯৮৩ সালে মেহফিল, ১৯৮৪ সালে রয়্যাল অ্যালবার্ট হলে পঙ্কজ উধাস লাইভ, ১৯৮৫ সালে নয়াব এবং ১৯৮৬ সালে আফরিনের মতো অনেকগুলি হিট রেকর্ড করেছিলেন।

    তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। ৮০’র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।