Tag: দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ আগস্ট, ২০২৩ : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিট) জোহানসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

    দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্ক টাউ এবং সেদেশে বাংলাদেশের হাইকমিশনার
    নূর-ই হেলাল সাইফুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

    বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনের প্যালেস অফ রেসিডেন্সে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এর আগে, গতকাল (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা যাত্রা শুরু করেন তিনি।

    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস দেশগুলোর এই ঐতিহাসিক ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব এবং পরবর্তীতে বিশ্বব্যাপী বিধিনিষেধের পর এটিই হবে সশরীরে অংশগ্রহনের মাধ্যমে প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

    প্রধানমন্ত্রী ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ও যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান প্রধান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেয়া ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ যোগ দেবেন।

    প্রধানমন্ত্রী ২৪ আগস্ট, ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ব্রিক্স বন্ধু নেতৃবৃন্দ সংলাপ (ব্রিক্স-আফ্রিকা আউটরিচ এবং ব্রিক্স প্লাস ডায়ালগ) ‘ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।

    প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনের ফাঁকে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবে।

    প্রধানমন্ত্রী ২৭ আগস্ট সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

    সূত্র: বাসস