Tag: গণশুনানি

  • টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানি অনুষ্ঠিত

    টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানি অনুষ্ঠিত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৮ মে, ২০২৪: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে গ্রাহকের হাতে থাকা সব মোবাইল ফোন সেটই নেটওয়ার্কে কাজ করবে ।

    আজ বুধবার (৮ মে) বেলা ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে এ কথা জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার রিয়াজ আহমেদ।

    টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ছাড়াও মহাপরিচালক ও কমিশনাররা উপস্থিত রয়েছেন।

    একজন গ্রাহক অনলাইনে প্রশ্ন করেন, আন-অফিশিয়াল ফোন বন্ধ করে দিলে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা?

    এ বিষয়ে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার রিয়াজ আহমেদ বলেন, অবৈধ সেট থেকে থাকলে পর্যাপ্ত সময় দিয়ে ডিসকানেক্ট করা হবে। আপনারা যথাযথ প্রক্রিয়ায় বৈধ সেট কিনবেন। রেজিস্টার্ড না হলে সরাসরি বিটিআরসিতে এসে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবো। সব মোবাইলই নেটওয়ার্কে কাজ করবে কোনোটাই বিচ্ছিন্ন হবে না।

    সংশ্লিষ্ট সরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন।

    যারা সশরীরে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।