Category: লিড নিউজ

  • আমরা এ ঘটনার মূল রহস্য উদঘাটন করার চেষ্টা করছি: আইজিপি

    আমরা এ ঘটনার মূল রহস্য উদঘাটন করার চেষ্টা করছি: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: আমরা এ ঘটনার মূল রহস্য উদঘাটন করার চেষ্টা করছি, বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

    রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মী কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হয়। আইজিপি বলেন, “জিজ্ঞাসাবাদে আমরা এ ঘটনার মূল রহস্য উদঘাটন করার চেষ্টা করছি। আক্রমণকারীকে আমরা ইতোমধ্যে আটক করেছি। ঘটনার প্রকৃত রহস্য জানাটা খুব কঠিন হবে না।”

    শনিবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন।এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। সাজ্জাদের শরীরে তিন রাউন্ড গুলি লাগে। আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে। তাকে নিরস্ত্র করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

    আইজিপি বলেন, “মনিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় তদন্ত করছি।”

    প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, “ঘটনার কারণ জানতে আমরা কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”

    কাউসারকে কীভাবে আটক করা হয়- জানতে চাইলে আইজিপি বলেন, “ঘটনার পর কাউসার তার অস্ত্রটা রেখে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলেন। তখন তাকে আটক করা হয়।”

    জাপান দূতাবাসের গাড়িচালক কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন-জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, “তিনি পথচারী হিসেবে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।”

  • ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

    ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ জুন, ২০২৪: গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গতকাল শনিবার সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, একসময়ের ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক মিত্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক খারাপ হওয়ার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে গাজায় হামলার কারনের ইসরায়েলের প্রতি কলম্বিয়ার উদ্বেগের বিষয়টি জোরলো হয়েছে।

    বোগোটায় ইসরায়েলি দূতাবাস বলেছে, মে মাসে পেট্রোর সরকার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরেও কয়লা রফতানি চালু ছিল। কলম্বিয়া ২০২৩ সালে ইসরায়েলে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের কয়লা রপ্তানি করেছে, কলম্বিয়া ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচক, কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো শনিবার এক্স-এ বলেছেন, ‘গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত’ ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত থাকবে।

    একটি সরকারী ঘোষণায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জারি করা অস্থায়ী ব্যবস্থার আদেশ সম্পূণরূপে মেনে না চলা পর্যন্ত’ নিষেধাজ্ঞাগুলো জারি থাকবে।

    মে মাসের শেষের দিকে, দক্ষিণ আফ্রিকার আনা একটি মুলতুবি মামলার অংশ হিসাবে, আইসিজে ইসরায়েলকে দক্ষিণ গাজার রাফাহ শহরে তার আক্রমণ বন্ধ করার নির্দেশ দেয়, পাশাপাশি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখন্ডে মানবিক সাহায্যের ‘নিরবচ্ছিন্ন সরবরাহের বিধান’ মেনে চলার নির্দেশ দেয়।

    কলম্বিয়ান সরকারের ঘোষণায়, কয়লা রপ্তানি নিষেধাজ্ঞা সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পাঁচ দিন পরে কার্যকর হবে এবং ইতিমধ্যে চালানের জন্য অনুমোদিত পণ্যগুলোকে প্রভাবিত করবে না।

    বোগোটা কয়লার ভূমিকাকে ‘অস্ত্র তৈরি, সৈন্য সংগঠিত করা এবং সামরিক অভিযানের জন্য একটি কৌশলগত সম্পদ’ হিসাবে উল্লেখ করেছে।

    পেট্রো আরও বলেছেন, কলম্বিয়া ইসরায়েলের তৈরি অস্ত্র কেনা বন্ধ করবে, দক্ষিণ আমেরিকার দেশটির নিরাপত্তা বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী ইসরায়েল।

    তবে কলম্বিয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদও জানাচ্ছে অনেকেই। সারা বিশ্বের দেশগুলোকে ইসরায়েলে কয়লা ও তেল রপ্তানি বন্ধ করার জন্য উৎসাহিত করা অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল এনার্জি এমবার্গো ফর প্যালেস্টাইন গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে যে, কলম্বিয়ার সিদ্ধান্ত ইসরায়েলকে গাজায় তার নীতি পরিবর্তন করার জন্য চাপ দিতে পারে। কারণ, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ নির্ভর করে আমদানি করা কয়লার ওপর।

    এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, ‘কলম্বিয়ার পদক্ষেপকে অনুসরণ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানাই, যারা ইসরায়েলের প্রয়োজনের ৯ শতাংশ কয়লা সরবরাহ করে।’

    সূত্র: বাসস

  • দেশের ৬টি অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    দেশের ৬টি অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৯ জুন, ২০২৪: আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত।

    আজ রবিবার (০৯ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    সোমবার (১০ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    সোমবার সকাল থেকে মঙ্গলবার (১১ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পরে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পরে।

    মঙ্গলবার সকাল থেকে বুধবার (১২ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পরে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

    আজ রবিবার, সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২৫৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

  • বার বার খাবার গরম করলে এতে বিষাক্ত উপাদান তৈরি হয়

    বার বার খাবার গরম করলে এতে বিষাক্ত উপাদান তৈরি হয়

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৯ জুন, ২০২৪: প্রায় প্রতিটি পরিবারে দেখা যায় একটি খাবার ফ্রিজে রেখে তা আবার মাইক্রোওভেনে বা চুলায় গরম করে খায়। একটি খাবার বারবার গরম করলে কী হয় এই বিষয়ে আমাদের সঠিক ধারণা নেই। তাছাড়া তাপমাত্রার বিষয়ে ডব্লিউএইচও’র সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও অনেক সাধারণ মানুষ তা জানেন না। সেজন্যই অনেকেই আছে, যারা ফ্রিজে সংরক্ষিত খাবারকে বাইরে নামিয়ে বারবার গরম করেন।

    এ বিষয়ে পুষ্টিবিদরা জানিয়েছেন, একটি খাবার বারবার গরম করলে প্রথমত খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়। দ্বিতীয়ত, এতে খাবারে ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে তোলে। শুধু তাই নয় খাবারে বিদ্যমান বিভিন্ন উপাদান দ্বিতীয়বার গরম করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যা পরবর্তীতে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এটি পেটের জন্য বেশ ক্ষতিকর এবং এটি থেকে থেকে ডায়রিয়া বা বদহজম দেখা দেয়।

    অনেকেই আমরা ফ্রিজে খাবার রাখি।কিন্তু ফ্রিজে খাবার রাখলে তা কিভাবে রাখা যায় এবং কতদিন রাখা যায় সে বিষয়ে আমাদের ধারণা অনেক কম। আমরা এই বিষয়ে এখন কিছু জেনে নিব।

    ফ্রিজের সহজলভ্যতার কারণে ফ্রিজে খাবার রাখাটা আমাদের নিত্যকার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু পুষ্টিবিদরা বলেন, ফ্রিজে বেশিদিন খাবার সংরক্ষণ করা উচিৎ না। ফ্রিজে দীর্ঘদিন খাবার রেখে দিলে খাবারের রং পরিবর্তন হয়ে যায়, স্বাদ গন্ধযুক্ত হয় ও পুষ্টিগুণ নষ্ট হয়; যা স্বাস্থ্যের জন্য ভালো না।

    তবে যেগুলো পচনশীল খাবার, সেগুলোকে দুই ঘণ্টার মাঝে ফ্রিজে রাখতে হবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। তবে সেই খাবারকে খুব বেশিদিন ফ্রিজে রেখে দেওয়া যাবে না। এক্ষেত্রে পুষ্টিবিদদের  পরামর্শ, গরমের সময় খাবার সঠিকভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং বাসি খাবার একদমই খাওয়া যাবে না।

    তবে ফ্রিজে খাবার রাখে মানেই যে তা ‘নিরাপদ’, এমন না। বছরের এই সময়ে বারবার লোডশেডিং হয়, তাই ফ্রিজের খাবারেও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে।

    তাই ফ্রিজের টেম্পারেচার ঠিকঠাক রাখতে হবে এবং খাবার বাইরে ফেলে রাখা যাবে না। তবে বড়জোর দুইদিন ফ্রিজে খাবার রেখে তা খেতে পারি আমরা। তারপর আবার নতুন করে রাঁধতে হবে।

    এদিকে ফ্রিজ থেকে বের করা খাবার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না। ফ্রিজ থেকে খাবার বের করার পর তা কিছুক্ষণ স্বাভাবিক তাপে রেখে দিয়ে গরম করতে হবে। আবার খাবার গরম করার পরও তা সঙ্গে সঙ্গে না খেয়ে স্বাভাবিক তাপমাত্রা রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রতি ১০ জন মানুষের মাঝে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে, বয়স্ক, গর্ভবতী নারী, পাঁচ বছরের কম বয়সীরা, অপেক্ষাকৃত কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষ এই সমস্যার প্রধান শিকার।

    তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, পরিবার চাইলেই যথাযথভাবে খাবার সংরক্ষণ করার মাধ্যমে খাদ্য থেকে সৃষ্টি রোগবালাইকে প্রতিরোধ করতে পারে। সেক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা উচিৎ।

    বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ খাবারের ব্যাপারে সর্বপ্রথম সচেতনতা শুরু হওয়া উচিৎ নিজেদের ঘর থেকে।

    কারণ রান্না করা বা কাঁচা খাবার কীভাবে সংরক্ষণ করতে হয়, খাবারের বিষক্রিয়া এড়াতে করণীয় কী, একই খাবার বারবার রান্না করলে খাবারের গুণমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কি না; এরকম আরও নানা বিষয়ে যদি মানুষ শুরু থেকেই সচেতন থাকে, তাহলে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়ানো সম্ভব।

    খাবার নিরাপদ রাখতে যেসব পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, খাবার ভালোভাবে রান্না করা, খাবারকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা এবং রান্নার সময় নিরাপদ পানি ও নিরাপদ কাঁচামাল ব্যবহার করা।

    সূত্র: বিবিসি বাংলা

  • বিশ্বকাপে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়ে হেরেছে উগান্ডা

    বিশ্বকাপে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়ে হেরেছে উগান্ডা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ জুন, ২০২৪: বিশ্ব ক্রিকেটের পরিচিত একটি দল জিম্বাবুয়ে। অথচ বাছাই পর্বে টিকতে পারেনি দলটি। বরং উগান্ডা বাছাই পর্বে ভালো খেলে এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে দেশটি।কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মত প্রতিপক্ষের দাড়াতেই পারেনি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়ে ১৩৪ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গড়লো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রান করে হারের রেকর্ড।

    ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন একাই ধ্বসিয়ে দিয়েছেন উগান্ডার ব্যাটিং লাইনকে। ১১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া আলজারি জোসেপ ২ টি এবং রোমারিও জোসেপ, আন্দ্রে রাসেল, মোটি একটি করে উইকেট শিকার করেছেন। ক্যারিবীয়দের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাড়াতেই পারেনি উগান্ডার ব্যাটসম্যানরা। ২০ রান তুলতেই হারাতে হয়েছে পাঁচ উইকেট। এরপর একে একে সকলেই যোগ দিয়েছেন আত্মহুতির মিছিলে। ১৩ রানে অপরাজিত ছিলেন জুমা মিয়াজি। এছাড়া দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্মরানের রেকর্ড এতদিন ছিল নেদারল্যান্ডসের। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১০.৩ ওভারে ৩৯ রানের অলআউট হয়েছিল তারা। দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডও ছিল নেদারল্যান্ডসেরই। শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়েছিলেন তারা। তবে এই লজ্জার রেকর্ডে নেদাল্যান্ডসকে ছাড়িয়ে এবার শীর্ষে উগান্ডা। নেদারল্যান্ডসের সমান ৩৯ রান করলেও রান রেটের কারণে শীর্ষে রয়েছে উগান্ডার নাম। এই বিশ্বকাপে আরও একবার এমন ব্যাটিং বিপর্যয়ে পরতে হয়েছিল দলটিকে। আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে অল আউট হয়েছিলেন তারা।

    এই তালিকায় তৃতীয় স্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। দুবাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অল-আউট হয়েছিল ক্যারিবীয়রা। আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে অল আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজের পরেই অবস্থান করছিল উগান্ডা। এবার সকলকে ছাড়িয়ে এক নম্বরে উঠে এসেছে তারা।

    এর আগে ব্যাট হাতে শুরুতে ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রান্ডন কিং এবং জনসন চার্লস দলকে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। উগান্ডাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন আলপেস রামজানি। ৪.৩ ওভারে ব্রান্ডন কিংকে বোল্ড করে সাজঘরের পথ দেখান। দলীয় ৪১ এবং ব্যাক্তিগত ১৩ রানে ফেরেন তিনি।

    চার্লসকে সঙ্গ দিতে মাঠে আসেন নিকোলাস পুরান। আজ তার সামনে ছিল টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার সুযোগ। কিন্তু অল্পের জন্য রেকর্ড গড়া হয়নি তারা। ক্রিস গেইলকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি। রেকর্ড গড়ার পথে বেশ ভালো ভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ২২ রানে মাসাবার বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফির যান পুরান।

    ক্যারিবিয় ব্যাটসম্যানদের হাত খুলে খেলার খুব একটা সুযোগ দেননি উগান্ডার বোলাররা। জনসন চার্লস (৪৪), রোভম্যান পাওয়েল (২৩) ও শেরফান রাদারফোর্ড (২২) কাউকেই খোলসের বাইরে বের হতে দেয়নি ব্রায়ান মাসাবার দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয় ঝড় আটকে দেয় তারা।

    শেষদিকে আন্দ্রে রাসেলের দিকে তাকিয়ে ছিল দল। শুরুতে ধীরেগতিতে রান করলেও পরে রানের চাকায় গতি আনেন এই ক্যারিবীয় তারকা। তার ১৭ বলে ৩০ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় দুইবারের চ্যাম্পিয়নরা। রাসেলের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৬টি চারের মার।

    উগান্ডার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন অধিনায়ক ব্রায়ান মাসাবা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন আলপেশ রামজানি, কসমস কেউয়াটা ও দীনেশ নাকরানি।

    গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছে ইংল্যান্ডকে

    ২০২৪ বিশ্বকাপের গ্রুপ বি-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংলিশদের ৩৬ রানে হারিয়েছে মার্শবাহিনী। আগে ব্যাট করে ৭ উইকেট ২০১ রান করে অস্ট্রেলিয়া। এবারের আসরে অজিরাই প্রথম দল যারা দুইশ ছাড়াল। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো অজিরা। আর দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সুপার এইটে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ ইংল্যান্ডের।

    নেদারল্যান্ড লড়াই করে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে

    নেদারল্যান্ডসকে অল্প রানে আটকে দিয়েও লড়াই করে জিততে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে হারতে হারতে লজ্জার হাত থেকে দলকে বাঁচিয়েছেন ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ের বিপরীতে ওয়ানডে ধাচের ব্যাটিং করে তারা কঠিন এক লড়াইয়ে দলকে জয় পাইয়ে দিয়েছেন। এই জয়ে মিলারের অবদানকে বিশেষ বলতেই হবে। কারণ বিরুদ্ধ পরিস্থিতিতেও শেষ পর্যন্ত দাঁত কামড়ে ক্রিজে টিকে ছিলেন তিনি। শেষে দলের প্রয়োজনে হাত খুলেছেন এবং জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

    ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে  ৯ উইকেটে মাত্র ১০৩ রান করতে পারে নেদারল্যান্ডস। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৭ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

    আজ অনুষ্ঠিত হবে আরও দুটি ম্যাচ:

    ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে রাত ৮টা ৩০ মিনিটে। ওমান ও স্টল্যান্ডের ম্যাচটি অনুষ্টিত হবে অ্যান্টিগায় রাত ১১টায়।

  • রান্না: মাংসের সাদা কোরমা

    রান্না: মাংসের সাদা কোরমা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৯ জুন, ২০২৪: কোরমা সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে পুষ্টিগুণ বজায় রেখে এখন রন্ধন শিল্পীরা মাংসের সাদা কোরমা তৈরি করছে। আজ দেওয়া হলো সাদা কোরমার সেরিপি। যা আপনি সহজেই ঘরে বসে তৈরি করতে পারেন।

    Culinary Artist - Humaira Kabir Suma
    Culinary Artist – Humaira Kabir Suma

    উপকরণ :

    মাংস-১ কেজি, পেয়াজ বাটা-১ কাপ, টক দই-১/২ কাপ, কাঠ বাদাম বাটা-১ কাপ, আদা বাটা-দেড় টেবিল চামচ, রসুন বাটা-১ টেবিল চামচ, সাদা গোল মরিচ গুড়া-১ চা চামচ, পোস্ত দানা বাটা-১/২ চা চামচ, ধনিয়া গুড়া-১ চা চামচ, লবন সাদ মত, সয়াবিন তেল-১ কাপ, পেয়াজ কুচি ১ কাপ, চিনি-৪/১ চা চামচ।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে মাংস ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেই। এখন মাংস এর সাথে টক দই, আদা, রসুন, বাদাম, পোস্ত দানা, গোল মরিচ গুড়া, ধনিয়া গুরা পেয়াজ বাটা আর পরিমাণ মত লবণ মেখে রেখে দেই এক ঘন্টা।

    একটা হাড়িতে তেল গরম করে তাতে পেয়াজ কুচি আর আস্ত মশলা দেই (দারুচিনি, এলাচ, লং আর তেজপাতা) দেই। পেয়াজ হাল্কা নরম হয়ে আসলে মাখানো মাংস টা ঢেলে দেই।

    ভালো করে কষে নেই। তেল উঠে আসলে সামান্য পানি দিয়ে ঢেকে রাখি। ভালো করে ফুটে আসলে ধিমা আচে বসিয়ে রাখি ১/২ ঘন্টা।

    মাখা মাখা হলে নামিয়ে গরম ভাত অথবা পোলাউ এর সাথে পরিবেশন করা যায়।

    রেসিপি দিয়েছেন: হুমায়রা কবির সুমা

  • শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বিনিময়

    শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বিনিময়

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তাঁর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিদেশী নেতারা একে একে মোদীকে শুভেচ্ছা জানান।

    আজ রবিবার (৯ জুন)রাতে সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন।

    এরপর মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

    শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।

    মোদি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগামীকাল সোমবার (১০ জুন) বিকেলে তিনি ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন।

    এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং প্রেস সচিব নাঈমুল ইসলাম খানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েক কর্মকর্তা।

    এই সফরে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির ৯৬ বছর বয়সী সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লাল কৃষ্ণ আদভানির বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

  • লায়ন্স ক্লাবের সদস্যরা আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন: রাষ্ট্রপতি

    লায়ন্স ক্লাবের সদস্যরা আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন: রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ৮ জুন, ২০২৪: লায়ন্স ক্লাবের সদস্যরা আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন, বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, “বেসরকারি সেবামূলক সংস্থা হিসেবে পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রমে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল আরও বেশি অবদান রাখবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানবকল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন্স ক্লাব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষের পুনর্বাসন, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযানসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন।”

    আজ শনিবার (৮জুন) রাজধানীর একটি হোটেলে ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিসট্রিক্ট-৩১৫ বাংলাদেশ’ এর ৩৭তম বার্ষিক কনভেনশন ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি।

    রাষ্ট্রপতি বলেন, “লায়ন্স ক্লাব বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে সারা বিশ্বে ৪৯ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১৪ লাখ লায়ন সদস্য আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

    সরকারি নানা অংশ উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং নিরলস কাজ করে যাচ্ছে। অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

    রাষ্ট্রপ্রধান বলেন, “সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য- দুটোই আছে। লায়ন সদস্যরা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে, আর্ত-মানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে এবং মানবসেবা ও অন্যান্য কল্যাণমূলক কাজে অন্যরাও উৎসাহিত হবে।”

    কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মো. আবদুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য লায়ন কাজী আকরামুদ্দিন আহমেদ, লায়ন শেখ কবির হোসেন, লায়ন মোসলেম আলী খান, লায়ন্স ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক ও কনভেনশন চেয়ারম্যান লায়ন শামসুন্ন নাহার হক প্রমুখ।

  • ৪৫ জন বাংলাদেশি মিয়ানমার জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন

    ৪৫ জন বাংলাদেশি মিয়ানমার জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৮ জুন, ২০২৪: মিয়ানমারের জেলে বন্দি থাকা ৪৫ বাংলাদেশি মুক্তি পেয়েছেন। আজ শনিবার (০৮ জুন) সকালে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন।আগামীকাল ৯ জুন সকালে তারা দেশে ফিরবেন।

    ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস জানায়, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশে আসা দেশটির নৌবাহিনীর একটি জাহাজে করে ওই ৪৫ জন দেশে ফিরছেন। প্রত্যাবর্তনকারীদের বহনকারী জাহাজটি ০৯ জুন প্রথম প্রহরে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

    উল্লেখ্য, ফিরে আসা ৪৫ জনের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী।

    বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার মিয়ানমারে বন্দি বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত এক বছরে সর্বমোট ২৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এর আগে গত ২৩ এপ্রিল সংঘটিত সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

    বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের কর্মকর্তারা রাখাইনের সিতওয়েতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি দেওয়া (ট্রাভেল পারমিট) এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।

  • মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি গেছেন প্রধানমন্ত্রী

    মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি গেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ জুন, ২০২৪: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার (৮ জুন) দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রবিবার (৯ জুন) নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে।

    প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি সময় বেলা ১১টা ৫১ মিনিটে অবতরণ করে জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছালে তাকে উষ্ণ স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি-ওআইএ) মুকতেষ পরদেশী।

    বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি।

    এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (০৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন।

    রাতে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

    সোমবার (১০ জুন) সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। ৯ জুন নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে।

    ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জয় লাভ করে। এর আগে ৮ জুন মোদীর শপথ অনুষ্ঠানের কথা ছিল।