Category: লিড নিউজ

  • শুদ্ধ রাজনীতির চর্চায় ফিরে আসুন: তথ্য প্রতিমন্ত্রী

    শুদ্ধ রাজনীতির চর্চায় ফিরে আসুন: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ মার্চ, ২০২৪: শুদ্ধ রাজনীতির চর্চায় ফিরে আসুন, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বিদেশি প্রভুদের তোষণ ও  অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা এবং নির্বাচন বানচালের সংবিধানবিরোধী অপরাজনীতি ছেড়ে শুদ্ধ রাজনীতি চর্চায় ফিরে আসুন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন, নির্বাচনী প্রক্রিয়ায় রাজনীতি করুন।

    আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করতে চেয়েছিল। আওয়ামী লীগ এ দেশের জনগণকে নিয়ে তা ব্যর্থ করে দিয়েছে।”

    আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।

  • আফগানিস্তানের বিপক্ষে খেলবে না অস্ট্রেলিয়া

    আফগানিস্তানের বিপক্ষে খেলবে না অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ মার্চ, ২০২৪: চলতি বছরের আগষ্টে একটি নিরপেক্ষ ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার । কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনীহা দেখাল অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটি স্থগিতের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

    আইসিসির পূর্ণসদস্যের তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তানেরই মেয়েদের ক্রিকেটে কোনো দল নেই । দেশটির তালিবান সরকার নারী ও মেয়েদের মানবাধিকার ক্ষুণ্ন করছে বলে মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই নিজেদের সরকারের সঙ্গে পরামর্শের পর সিরিজ স্থগিতের সিদ্ধান্তে আসে তারা।

    বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘আফগানিস্তানের নারী ও মেয়েদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এই কারণে আমরা আমাদের আগের অবস্থান বজায় রেখেছি এবং আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করব। বিশ্বজুড়ে নারী ও মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণে সিএ তাদের দৃঢ় প্রতিশ্রুতি বজায় রেখেছে এবং এ ব্যাপারে আইসিসির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক ম্যাচগুলো পুনরায় আয়োজন করতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নির্ধারণ করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সিএ। ‘

    একই কারণে আফগানিস্তানের বিপক্ষে ২০২১ সালে টেস্ট ম্যাচ বাতিল ও ২০২৩ সাল ওয়ানডে সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল।

  • এবার ঈদে ‘সারা’র পোশাকের আয়োজন

    এবার ঈদে ‘সারা’র পোশাকের আয়োজন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৯ মার্চ, ২০২৪: প্রতিবছর ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকের আয়োজন থাকে দেশের অন্যতম ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তে। ‘উৎসবের আলিঙ্গন’ থিমে ‘সারা লাইফস্টাইল’ এর এবারের ঈদ-উল ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে।

    ‘সারা’র এবারের ঈদ আয়োজনের পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে । পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এছাড়াও এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে এসব পোশাকের ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্ণে। তাছাড়াও নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ‘সারা’র ঈদ পোশাক। এসকল পোশাকে ফেব্রিক হিসাবে ব্যাবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি।

    ঈদুল ফিতরের এবারের আয়োজনে মেয়েদের জন্য ‘সারা লাইফস্টাইল’ এনেছে শাড়ি, থ্রি পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি পিস, কুর্তি, কো অর্ডস, ডেনিম প্যান্ট, শ্রাগ, ওয়ান পিস, টু পিস, স্কার্ফ, শারারা, কাফতান, টি শার্ট। ‘সারা’র এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি।

    সারা’র ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মুল্য নির্ধারন করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ২৫০ টাকা থেকে ৯,৯৯০ টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবী ও শাড়ি থাকছে এবারের ‘সারা’র ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ।

    মেয়ে শিশুদের জন্য থাকছে টি শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি পিস, ফ্যাশন টপস, টু পিস, লেহেঙ্গা। এছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ণ সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট, পলো শার্ট ইত্যাদি।

    এছাড়াও ‘সারা’র এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ (বাবা-ছেলে-মা-মেয়ে)। তাছাড়া কাপলদের জন্য থাকছে একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন।

  • গোপালঞ্জে গায়ক খালিদের দাফন সম্পন্ন

    গোপালঞ্জে গায়ক খালিদের দাফন সম্পন্ন

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ মার্চ, ২০২৪: জনপ্রিয় গানের শিল্পী খালিদকে আজ বিকেলে গোপালগঞ্জ শহরের নয়া গোরস্থানে দাফন করা হয়েছে ।

    সোমাবার রাতেই তার নিজ বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এই গায়ককে। রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায় খালিদের নিথর দেহ।

    এর আগে সোমবার রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় শিল্প, সংস্কৃতিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

    আহ মঙ্গলবার (১৯ মার্চ) যোহর নামাজের পর গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে খালিদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের গেটপাড়ার গোরস্থানে দাফন করা হয় তাকে।

    জানা গেছে, খালিদের স্ত্রী এবং ছেলে যুক্তরাষ্ট্রে। দাফনের আগে তারা দেশে আসতে পারেনি। তবে গোপালগঞ্জে খালিদের বড় ভাই আছেন, তিনিই সব প্রস্তুত করছেন।

    প্রসঙ্গত, সোমবার সন্ধ্যার পর গ্রিন রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হন খালিদ। এরপর দ্রুত গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৭টায় খালিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানানো হয়, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন তিনি।

    মৃত্যুকালে ‘চাইম’ ব্যান্ডের এই ভোকালের বয়স হয়েছিল ৫৮ বছর। তার গাওয়া গানগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পায় সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে।

  • ব্রাজিলে চলছে তীব্র তাপপ্রবাহ

    ব্রাজিলে চলছে তীব্র তাপপ্রবাহ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ মার্চ, ২০২৪: দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিলের এক অংশে এখন চলছে তীব্র তাপপ্রবাহে । গত রবিবার দেশটির বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী রিও ডি জেনেরিও’র তাপমাত্রা পৌঁছেছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। গরম থেকে বাঁচতে মানুষ নদী, সমুদ্র বা জলাশয়ের কাছাকাছি বেশি সময় কাটাচ্ছে। ব্রাজিলের একাংশ যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে, তখন দক্ষিণাঞ্চল ভেসে যাচ্ছে তুমুল বর্ষণে।

    রিও ডি জেনেরিওভিত্তিক স্থানীয় আবহাওয়া দপ্তর আলের্তা রিও ওয়েদার সিস্টেম জানিয়েছে, ব্রাজিলের ইতিহাসে এর আগে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত নভেম্বরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

    আলের্তো রিও ওয়েদার সিস্টেমের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে রিও ডি জেনেরিওর পশ্চিমাংশে ৬২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তার পর থেকে অবশ্য তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার রিও ডি জেনেরিও এবং তার আশপাশের এলাকার গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

    তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে বাঁচতে রিও’র দুই বিখ্যাত সমুদ্র সৈকত ইপানেমা এবং কোপাকাবানায় রবিবার ও সোমবার উপচে পড়া ভিড় ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    রিও ডি জেনেরিওর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি পার্কের প্রশাসনিক কর্মকর্তা র‌্যাকুয়েল কোরেইয়া (৪৯) এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘আমার ভয় হচ্ছে যে এই ধরনের আবহাওয়া হয়তো এখন থেকে নিয়মিতই দেখতে হবে আমাদের। কারণ রিও এবং তার আশপাশের এলকাগুলোতে বাড়িঘর নির্মাণের জন্য প্রতিদিন বনজঙ্গল উজাড় হচ্ছে।’

    এদিকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে রবিবার থেকে শুরু হয়েছে ব্যাপক বর্ষণ। অন্তত এক সপ্তাহ এই বর্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মেটসুল।

    সোমবার মেটসুলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি সপ্তাহে পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকবে।’

  • শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু

    শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ মার্চ, ২০২৪: আমাদের সংস্কৃতির বিকাশে যাত্রাশিল্পের অবদান ছোট করে দেখার উপায় নেই। এই বিনোদন মাধ্যমটি ছিলো সবার প্রিয়। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা ছিল এর মূল বিষয়। ছিল পৌরাণিক কাহিনী। আধুনিক নগরায়নের ফলে যাত্রাশিল্পের কদর কমতে থাকে। আকাশ সংস্কৃতির বিকাশের সাথে সাথে তা প্রায় স্তিমিত হয়ে যা। প্রাচীন বিনোদনের এই ধারাটিকে আবার সবিজ করতে প্রয়াস চালাচ্ছে শিল্পকলা একাডেমি।

    যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১৮ – ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত ৮ দিনব্যাপী ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু হয়েছে।

    ১৮ মার্চ ২০২৪ বিকাল ৫টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবের প্রতিদিন দুপুর ৩টা হতে রাত ৯.১৫মি. পর্যন্ত ৩১টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়ন করা হয়েছে।

    যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য বিভিন্ন স্বনামধন্য যাত্রাব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

    পালা মূল্যানয়কারী সম্মানীত সদস্যদের মধ্যে রয়েছেন তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, তামান্না হক সিগমা প্রমূখ। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি মূল্যায়ণে উপস্থিত থাকবেন।

    উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৪টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৭৮টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

    ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসবে অংশগ্রহণকারী সকল পালা দর্শকদের জন্য উন্মক্ত থাকবে। উৎসবের সময়সূচি একাডেমির ওয়েবসাইট (www.shilpakala.gov.bd) তে পাওয়া যাবে। ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব সমন্বয় করছেন একাডেমির সেট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা।

  • আনুষ্ঠানিকভাবে এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত

    আনুষ্ঠানিকভাবে এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ মার্চ, ২০২৪: আনুষ্ঠানিকভাবে একীভূত হতে শরিয়াভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক ও প্রচলিত ধারার পদ্মা ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হলো। এখন থেকে পদ্মা ব্যাংকের আমানতকারীরা এক্সিম ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন; করতে পারবেন অন্যান্য লেনলেন।

    সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকে পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হওয়ার বিষয় সমঝোতা চুক্তি সই হয়। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ও পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান তাতে সই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদার, চার ডেপুটি গভর্নর, এক্সিম ব্যাংক ও বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আফজাল করিমসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

    এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন “এই সমঝোতা চুক্তির ফলে পরিচালনা পর্ষদে সব ধরনের সিদ্ধান্ত নেবে এক্সিম ব্যাংকের পরিচালকরা। দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সে বিষয়ে প্রক্রিয়া চলছে। তবে পদ্মা ব্যাংকের কোনো কর্মকর্তার-কর্মচারীই চাকরি হারাবেন না।”

    তিনি বলেন, “এক বছরের মধ্যে পদ্মা ব্যাংক ভালো হয়ে যাবে। চাইলে পদ্মা ব্যাংকের যে কোনো ব্যক্তিগত আমানতকারী তার টাকা এক্সিম ব্যাংক থেকেই তুলে নিতে পারবেন। পদ্মা ব্যাংকের সকল দায়ভার এখন থেকে গ্রহণ করল এক্সিম ব্যাংক।”

    একই দিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, মার্জার (একীভূত) প্রক্রিয়ায় এখনো শেষ হয়নি। শেষ হলে বাংলাদেশ ব্যাংক ঘোষণা করবে। এরপর থেকে তারা একত্রে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রক্রিয়ার পরেই পদ্মা ব্যাংকের আমানতকারীরা এক্সিম ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।

    তিনি বলেন, “কোনো ব্যাংক অপর ব্যাংকে মার্জার (একীভূত) করতে হলে তিন সংস্থার (বাংলাদেশ ব্যাংক, আদালত ও বিএসইসি) সমন্বয়ে লাগে। ব্যাংকের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমরা কোর্টে যাব। এরপর আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতির প্রয়োজন হবে। এভাবেই সব ব্যাংকের মার্জার প্রক্রিয়া সম্পন্ন হবে।”

    এর আগে এক্সিম ব্যাংক ও চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হতে ভিন্ন ভিন্ন দুই ব্যাংকের পর্ষদে অনুমোদন হয়।

    সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জানান, আমানতকারীদের সুরক্ষা দিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা হ‌বে।

    উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক একীভূত (মার্জার) করতে একটি রোডম্যাপ ঠিক করার পাশাপাশি ব্যাংকগুলোকে এক বছর সময় দিয়ে ‘প্রম্পট কারেক্টিভ অ্যাকশন’ বা পিসিএ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার, মূলধনের পর্যাপ্ততা, নগদ অর্থের প্রবাহ, ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্যকে প্রাধান্য দিয়ে আর্থিক স্বাস্থ্যের বিভিন্ন সূচক ঠিক করে দেওয়া হয়েছে।

    দ্য ফারমার্স ব্যাংক নামে ২০১৩ সালে পদ্মা ব্যাংক যাত্রা শুরু করে। কিন্তু শুরু থেকেই ব্যাপক অনিয়মের কারণে ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন ব্যাংকটিকে বাঁচাতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রুপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৭১৫ কোটি টাকা মূলধন জোগান দেওয়া হয়। দ্য ফারমার্সের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক করা হয়।

    সার্ব-অডিনেট বন্ড জারি ও স্থায়ী আমানত রাখার মতো অন্যান্য সহায়তার আকারেও প্রায় ১ হাজার কোটি টাকা পদ্মা ব্যাংকে বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। অভ্যন্তরীণ কিছু সংস্কার ও ক্ষুদ্র আকারে ব্যাংকটির যাত্রা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বড় ধরনের কোনো পরিবর্তন আসছিল না।

    মূলত পদ্মা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে বড় ধরনের সাফল্য দেখাতে না পারার কারণে সহায়তা দিয়েও ব্যাংকটির মূলধন ক্ষয় ঠেকানো যায়নি।

    শেষে সরকারের বর্তমান মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ঘোষিত দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে পদ্মা ব্যাংককে শরিয়াভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভুত হওয়ার চুক্তি সম্পন্ন হলো।

  • ‘তাভাস এবং ডিমান্ড’এর ঈদ কালেকশন

    ‘তাভাস এবং ডিমান্ড’এর ঈদ কালেকশন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৮ মার্চ, ২০২৪: ফ্যাশন হাউজ ‘তাভাস এবং ডিমান্ড’ লাইফস্টাইলও এবার ঈদের সংগ্রহে নিয়ে এসেছে সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন।

    বিগত কয়েক বছরের ন্যায় এবারের ঈদ অনেকটা সামার কেন্দ্রিক, তাই এই সামারে গরমের কথা মাথায় রেখেই ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদ কালেকশনের এবারের থিম সমুদ্র এবং রোদ্রজ্জল আবহ থেকে অনুপ্রাণিত হওয়া।

    সেখান থেকেই বিভিন্ন মোটিফ, প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে ‘তাভাস এবং ডিমান্ড’ এবারের ঈদ আয়োজনের পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। এছাড়াও কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।

    ঈদুল ফিতরের এবারের আয়োজনে মেয়েদের জন্য ‘তাভাস’এনেছে সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আকর্ষণীয় পার্টি থ্রি পিস, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান ইত্যাদি।

    ‘তাভাস এবং ডিমান্ড’ এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি।

    প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফেব্রিক্স ও ট্রেন্ডের ভিন্নতাও। এসব পোশাকে ব্যাবহার করা হয়েছে, কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম ও টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি।

    প্রতিবারের মতোই এবারও ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন পাঁচশ থেকে পাঁচহাজার টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে এবারের ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদের কালেকশনের মূল আকর্ষণ।

    ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদ আয়োজনে ছেলে শিশুদের শার্ট বা ফতুয়ায় প্রাধান্য পাচ্ছে শর্ট স্লিভ ও ফুল স্লিভ। লং প্যান্টের পাশাপাশি রয়েছে কোয়ার্টার প্যান্ট। সাদা পাঞ্জাবির পাশাপাশি ভাইব্রেন্ট কালারেরও পাঞ্জাবি থাকছে।

    অন্যদিকে ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, কাতুয়া, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি। থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও কাবলির মিনিমি। ‘তাভাস এবং ডিমান্ড’ এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি (বাবা-ছেলে-মা-মেয়ে) একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।

    সারা বাংলাদেশে ডিমান্ড ব্রান্ডের মোট ১৮টি আউটলেট রয়েছে এবং তাভাস এর রয়েছে ফ্ল্যাগশীপ আকারের মোট ৫টি আউটলেটস! এসব আউটলেটে পেয়ে যাবেন এক্সক্লুসিভ সব ঈদ কালেকশন। যা অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে।

  • নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন: প্রধানমন্ত্রী

    নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ মার্চ, ২০২৪: নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা ইফতার পার্টি করব না, এই খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেব। সারা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন।”

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার (১৮ মর্চ) দুপুরে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ দেয়, দিতে জানে, আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। যারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে, উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না, মানুষ খুন করে, অগ্নিসন্ত্রাস করে, এখন তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। ইফতার পার্টিতে গিয়েও আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়। নিজেরা ইফতার খায়, আওয়ামী লীগের গীবত গায়। আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে।”

    আওয়ামী লীগের সভাপতি বলেন, “আপনারা খেয়ে দেয়ে মাইক একটা লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎপাত করবেন। আওয়ামী লীগের অপরাধটা কী, এ দেশ স্বাধীন করেছে, সেটা অপরাধ? আওয়ামী লীগের অপরাধটা কী? গরীব মানুষের পাশে দাঁড়ায়, দেশটা আজ উন্নত করেছে, সেটাই কি অপরাধ? তারা যে গণতন্ত্রের কথা বলে, আমরা কিন্তু গণতন্ত্র ফিরিয়ে এনেছি।”

    আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ইঞ্জি. মোশাররফ হোসেন, অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মণি, কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৬৪৫

    ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৬৪৫

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ মার্চ, ২০২৪: গাজায় সাত মাসেরও বেশি সয় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ হাজার ৬৪৫ জন। এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। গাজার আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে একের পর এক গুলি চালানো হচ্ছে। ইসরায়েলের এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, হামাস যোদ্ধারা ওই হাসপাতালের ভেতরে পুনরায় সংগঠিত হয়েছে।

    যুদ্ধ বন্ধের বদলে রবিবার মিশরের সীমান্তবর্তী শহর রাফায় স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই শহরে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নেওয়ায় সেখানে হামলার ব্যাপারে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। এদিকে ত্রাণবাহী ১৯টি ট্রাক নিরাপদে জাবালিয়ায় পৌঁছেছে। গত চার মাসের মধ্যে প্রথমবারের মতো কোনো ঝামেলা ছাড়াই দক্ষিণ থেকে উত্তর গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলো।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ হাজার ৬৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৩ হাজার ৬৭৬ জন।

    গাজায় হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে এখন পর্যন্ত গাজায় ১৩ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া যেসব শিশুরা বেঁচে আছে তারা গুরুতর অপুষ্টিতে ভুগছে, এমনকি এসব শিশুর কান্না করার মতো শক্তিটুকুও অবশিষ্ট নেই। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

    ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রবিবার সিবিএস নিউজ নেটওয়ার্ককে বলেন, আরও কয়েক হাজার শিশু আহত হয়েছে অথবা তারা কোথায় আছে সেটাও আমরা নির্ধারণ করতে পারছি না। অনেক শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে… আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে এত শিশুর মৃত্যু দেখিনি।

    ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার ইসরায়েলের বড় শহরগুলোতে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ।

    ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ নিয়ে সরকারের ওপর ক্ষুব্ধ অনেক ইসরায়েলি। হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, সব ব্যর্থতার দায়ই নেতানিয়াহুর। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

    এদিকে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই ১৩ হাজারের বেশি। এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এছাড়া গাজার অন্য শিশুরা গুরুতর অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছে সংস্থাটি।