Category: লিড নিউজ

  • ২৮ মার্চ পাওয়া যাবে ৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট

    ২৮ মার্চ পাওয়া যাবে ৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মার্চ, ২০২৪: বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে ৷ আজ বুধবার (২৭ মার্চ) চতুর্থ দিনের মতো অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হয়৷ এদিন ৬ এপ্রিলের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

    আগামীকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) টিকিট দেওয়া হবে ৭ এপ্রিলের৷ ওইদিন যারা অগ্রিম টিকিট নেবেন তারা আগামী ৭ এপ্রিল ভ্রমণ করতে পারবেন৷ অনলাইনে এ টিকিট সংগ্রহ করতে হবে৷ এর আগে গতকাল মঙ্গলবার যারা অগ্রিম টিকিট নিয়েছেন তারা আগামী ৫ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

    যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে৷

    ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন৷ একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন৷ তবে এ টিকিট রিফান্ড (ফেরত দেওয়া) করা যাবে না৷

    এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসনের টিকিট বিক্রি শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রয় করা হবে৷

  • ইফতারি: জিলাপি

    ইফতারি: জিলাপি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ মার্চ, ২০২৪: ইফতারে প্রতিটি মানুষের প্রিয় খাবার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জিলাপি।তবে জিলাপি টা যেন হয় স্বাস্থ্যসম্মত। আজ দেওয়া হলো ঘরে বসে জিলাপি তৈরির রেসিপি।

     

    উপকরণ:

    ময়দা-১কাপ, করণ ফ্লাওয়ার-১টেবল চামচ, চালের গুড়া-১টেবল চামচ, বেকিং সোডা-১/৪ চা চামচ, টক দৈ-২টেবল চামচ, তেল-ভাজার জন্য, পানি-প্রয়োজন মত, সিরকা-১চা চামচ

    সিরার জন্য উপকরণ:

    চিনি-১কাপ, পানি-১/৩ কাপ, লেবু স্লাইস-২টা, ঘি-১টেবল চামচ, জর্দার রং-১চিমটি, সাদা তিল-সাজানোর জন্য।

    Recipe given by Kaniz Fatema Ruma (2)
    Recipe given by Kaniz Fatema Ruma (2)

    প্রণালী:

    সব শুকনা উপকরণ একসাথে মিশিয়ে টকদৈ, সিরকা ও পরিমান মত পানি দিয়ে জিলাপির ব্যাটার তৈরী করে নিতে হবে।চিনি, পানি, জর্দার রং জ্বাল দিয়ে সিরা তৈরী করে নিতে হবে। এবার গরম সিরাতে ঘি ও লেবু স্লাইস দিয়ে নামিয়ে রাখতে হবে।

    এবার একটি সসের বোতল বা পাইপিং ব্যাগ এ জিলাপির ব্যাটার নিয়ে তেল গরম করে জিলাপির প্যাচ দিয়ে জিলাপী ভেজে নিয়ে সিরাতে দিতে হবে। ৩০-৪০ সেকেন্ড সিরাতে রাখার পর সিরা ঝড়িয়ে জিলাপি উঠিয়ে নিতে হবে। জিলাপির উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে জিলাপি।

     

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • এই ঈদে বালুচর এর পাঞ্জাবি

    এই ঈদে বালুচর এর পাঞ্জাবি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ মার্চ, ২০২৪: বালুচর ফ্যাশন হাউস এই ঈদের জন্য নিয়ে এনেছে নতুন নতুন ডিজাইনের নান্দনিক সব পাঞ্জাবি, কুর্তা ও কটি । সুতি সহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ।বালুচর

    কাপড়ে হিসেবে রয়েছে সুতি, জাকুয়ার্ড, রিমি কটন, শাহী সিল্ক, চিকুয়েন্স, ব্যাম সিল্ক, ভয়েল, অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব।

    বালুচর ফ্যাশন হাউজের  সঞ্চালক  শাহিন চৌধুরী বলেন, এই ঈদে যেহেতু অনেক গরম থাকবে তাই ছেলেদের পাঞ্জাবি তে কটনের মধ্যেই হালকা কালার এর রঙ নির্বাচন করেছি, এর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সিম্পল কাজকে সর্বোচ্চ  গুরুত্ব দেয়া হয়েছে,এই ঈদে প্রিণ্টএঁর দাপট কিছুটা মলিন হবে,এক রংঙের কাপড়ে নতুনত্ব আসবে,থাকবে কাটিংআর পাটার্নএ ভেরিয়েশন,সেমি লং পাটার্ন তার জায়গা  ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবি তে ও থাকবে ডিজাইনএ নতুনত্ব

    কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম।

    যোগাযোগ :

    ৯০-৯১ (নিচতলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০

    ৮১-৮২, ১০২/এ (২য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা- আকুর-টাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল।

    মোবাইল : 01716 556 271, 01904 466 300, 01904 466 308

    Facebook: Baluchorkurta

  • গাজায় বেশি পরিমাণে মানবিক সাহায্য পাঠাতে হবে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

    গাজায় বেশি পরিমাণে মানবিক সাহায্য পাঠাতে হবে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ মার্চ, ২০২৪: পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। এতে প্রায় ৩২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সেখানে দেখা দিয়েছে চিকিৎসা ও ত্রাণ সঙ্কট।এমন কি ত্রাণ নিতে আসা মানুষরা ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে প্রাণ হরাচ্ছে। এই অবস্থা জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, গাজার পরিস্থিতি নারকীয়। সেখানে আরও বেশি মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন।সেজন্য খুলে দিতে হবে সীমান্ত।

    মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মঙ্গলবার তিনি গিয়েছিলেন ইসরায়েল-গাজা সীমান্ত কেরেম শালোমে। সেখানে তিনি এমনটি বলেন।

    বেয়ারবক সাংবাদিকদের বলেন, “গাজার পরিস্থিতি নারকীয়। দ্রুত সীমান্ত খুলে দিতে হবে এবং আরও অনেক বেশি পরিমাণে মানবিক সাহায্য পাঠাতে হবে সেখানে।”

    তিনি জানান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে জার্মানি বরাদ্দ বাড়িয়েছে। অতিরিক্ত এক কোটি ইউরো দেওয়া হয়েছে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।

    তার বক্তব্য, “কোথায় সমস্যা এখনো জট পাকিয়ে আছে, তা নিয়ে আলোচনা করার সময় আর নেই। রাফা সীমান্ত দিয়ে যেসব ট্রাক গাজায় মানবিক সাহায্য নিয়ে প্রবেশ করে, সেগুলোতে তিনবার তল্লাশি চালানো হয়। সব জিনিস নামিয়ে দেখা হয়। যেভাবেই হোক এ প্রক্রিয়ার গতি বাড়াতে হবে। গাজায় যত দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো দরকার, তা পৌঁছাচ্ছে না।”

    বেয়ারবকই প্রথম কোনো বিদেশি মন্ত্রী যাকে ইসরায়েল কেরেম শালোম পর্যন্ত যাওয়ার অনুমতি দিল। তাকে দেখানো হয়েছে, কীভাবে প্রতিদিন ১২০টি ট্রাকে মানবিক সাহায্য বোঝাই করে গাজায় পাঠানো হয়।

    ৭ অক্টোবরের ঘটনার আগে গাজায় প্রতিদিন ৫০০ ট্রাক নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। তার মধ্যে ৩০০ ট্রাক যেত কেরেম শালোমের সীমান্ত দিয়ে। তা কমে এখন ১২০ ট্রাকে এসে দাঁড়িয়েছে।

    ইসরায়েল জানায়, প্রতি ঘণ্টায় ১২টি ট্রাক সীমান্ত পার করে। ইসরায়েল সীমান্তে দুইটি স্ক্যানারে এসব ট্রাক পরীক্ষা করা হয়। দেখা হয়, জিনিসের সঙ্গে বন্দুক, গুলি ইত্যাদি জিনিস পাঠানো হচ্ছে কি না।

    সংবাদসংস্থা ডিপিএ জানিয়েছে, ইসরায়েলের প্রতিনিধিরা তাদের জানান, আরও ট্রাক পারাপার করা সম্ভব। কিন্তু ট্রাক চালানোর জন্য যথেষ্ট ফিলিস্তিনি চালক খুঁজে পাওয়া যাচ্ছে না।

    বেয়ারবক এদিন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে দুই-রাষ্ট্র বিষয়ক রাজনৈতিক সমাধান নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও দুই মন্ত্রীর আলোচনা হয়েছে।

  • বাংলাদেশের মেয়েরা তিনটি ওয়ানডেই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে

    বাংলাদেশের মেয়েরা তিনটি ওয়ানডেই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ মার্চ, ২০২৪: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খুব সহজেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কোন প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দেশের মাটিতে এই পরাজয় সত্যিকার অর্থে ক্রিকেটে মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে।

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাটিং ভরাডুবিতে টানা দুই হারে আগেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৮৯ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যেতিরা। জবাব দিতে নেমে ১৮৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

    আজ বুধবার (২৭ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার এলিশা হিলি ও ফিব লিচফিল্ড। তবে ইনিংস বড় করতে পারেনি লিচফিল্ড। ২৭ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর হিলিকে সঙ্গ দেন এলিস পেরি।

    ৩৪ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এলিশা হিলি। শেষ পর্যন্ত এলিস পেরির ২৮ বলে ২৭ রান এবং বেথ মুনির ২২ বলের অপরাজিত ২১ রানে ভর করে ১৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং রাবেয়া খাতুন একটি করে উইকেট নেন।

    এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ডাক মেরে ফেরেন সুমাইয়া আক্তার। ১৪ বলে ৫ রান করে আউট হন আরেক ওপেনার ফারজানা হক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুর্শিদা খাতুনও (৮)।

    তবে টাইগ্রেস শিবিরে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু রিতু মনি (১) ও ফাহিমা খাতুন (০) আউট হলে, ৩৯ বলে ১৬ রান করে তাদের সঙ্গ দেন নিগার সুলতানা।

    এরপর রাবেয়া খান (৪), নাহিদা আক্তার (০), স্বর্ণা আক্তার (১০) এবং সুলতানা খাতুন ১০ রানে আউট হলে ৮৯ রানে অলআউট হয় টাইগ্রেসরা। ১৪ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মারুফা আক্তার।

    অস্ট্রেলিয়ার হয়ে কিম গার্থ এবং অ্যাশলেঘ গার্ডনার তিনটি করে উইকেট নেন।

  • শিল্পকলার আয়োজনে একই মঞ্চে গাইলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ সৈনিক

    শিল্পকলার আয়োজনে একই মঞ্চে গাইলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ সৈনিক

    www.HelloBangla.News – বিনোদন – ২৭ মার্চ, ২০২৪: গতকাল ছিলো ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। দিনটি উপলক্ষ্যে শিশু, প্রতিশ্রুতিশীল, বিশিষ্ট ও বরেণ্য শিল্পী ও গুনীজনদের নিয়ে নানা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সেই সময় যেসব গান প্রচারিত হতো, যার মাধ্যমে দেশের আপামর জনগন ও মুক্তিযোদ্ধারা উদ্বুদ্ধ হয়েছিলেন মহান স্বাধীনতা দিবসে জাতীয় নাট্যশালায় সেইগানগুলো নতুন প্রজন্মের সাথে সম্মিলিতভাবে পরিবেশন করলেন কন্ঠ ও শব্দ সৈনিকরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

    Arts Event - Entertainment - 27 March 2024 (2)
    Arts Event – Entertainment – 27 March 2024 (2)

    সাংস্কৃতিক পরিবেশনার আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজাহার খান, এমপি, বিশেষ অতিথি হিসেবে শব্দসৈনিক অধ্যাপক ড. নাসরিন আহমেদ এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ।

    প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন- ’তোমরা দেশকে ভালোবাসো, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানো এবং বঙ্গবন্ধু সম্পর্কে যদি তোমাদের সামনে কেউ কোনো অবঙ্গা বা কটাক্ষ করে তাহলে তোমরা প্রতিবাদ করবে, কারণ তোমরা হলে আমাদের সামনের প্রজন্ম, তোমরাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে।’

    সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন- “আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন শিল্পী এবং বর্তমান প্রজন্মের শিল্পীদের নিয়ে। এর উদ্দেশ্য হলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, বর্তমান শিল্পীরা এবং শিশু শিল্পীরা একই সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গাইবে এবং আমি এটিই বলতে চাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই সময়ের ভাবনা ও চেতনা বর্তমান ও আগামী প্রজন্মের মাঝে প্রসারিত হবে, ছড়িয়ে যাবে।”

    মহাপরিচালক আরো বলেন, “আমাদের এ প্রত্যয় ব্যক্ত করতে হবে যে আমাদের দেশটা যেনো আর কোন যড়যন্ত্রের শিকার না হয়, দেশটা যেনো আর ইতিহাস বিকৃতির শিকার না হয়।”

    বিশেষ অতিথির বক্তব্যে শব্দসৈনিক অধ্যাপক ড. নাসরিন আহমেদ বলেন- “আমরা প্রায়শই দেখি, সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন ছুড়ে দিলে অনেকেই আমাদের বিজয় দিবস ও স্বাধীনতা দিবস সম্পর্কে অনেক ভুল উত্তর দিয়ে থাকে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমি বলবো, প্রত্যেকেরই দ্বায়িত্ব আমাদের ছেলে মেয়েদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দেয়া।”

    সাংস্কৃতিক পর্বে অংশ নেন দেশের মুক্তিযুদ্ধে শব্দ ও কন্ঠসৈনিক হিসেবে অবদান রাখা ২০ জন গুনী শিল্পী। কণ্ঠশিল্পী মোঃ কামাল উদ্দিন আহমেদ, মোঃ মনোয়ার হোসেন খান, এম.এ. মান্নান,  মোঃ রফিকুল আলম, তিমির নন্দী, শিবু রায়, মনোরঞ্জন ঘোষাল, মোঃ আবু নওশের, মলয় কুমার গাঙ্গুলী, রথীন্দ্রনাথ রায়, কল্যাণী ঘোষ, রূপা ফরহাদ, মালা খুররম, জয়ন্তী লালা, ছন্দা ভূঁইয়া হাজরা, শীলা ভদ্র, আজহারুল ইসলাম ও শাহীন সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও ইংরেজী সংবাদ পাঠক শব্দসৈনিক অধ্যাপক ড. নাসরিন আহমাদ  এবং কর্মী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন খান।

    সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই তাঁদের উত্তরীয় পরিয়ে দেন শিশু শিল্পীরা। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘নোঙর তোল তোল’, ‘স্বাধীন স্বাধীন’ পরিবেশন করেন তারা। সেই সময় বেতারে প্রচারিত এই গানগুলোই মুক্তিযোদ্ধাদের উদ্ধুদ্ধ করেছিলো। সম্মিলিত এ পরিবেশনায় কন্ঠ ও শব্দ সৈনিকদের সাথে যুক্ত হোন একাডেমির শিশু শিল্পীরাও। এরপর মুক্তিযুদ্ধের চরমপত্র পাঠ করেন আল আমিন শেখ। মাঝে ঢাকা সাংস্কৃতিক দল পরিবেশন করে দলীয় সংগীত ‘জয় বাংলা জয় বাংলা বইরা রে’ এবং ‘সাড়ে সাত কোটি বাঙালির’। মো: আবু নওশের এবং মো: মনোয়ার হোসেন খান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের সেই সময়ের জনপ্রিয় ‘জল্লাদের দরবার’নাট্যাংশ। এরপর ‘কারার ঐ লৌহকপাট’ এবং পূর্ব দিগন্তে সূয উঠেছে’পরিবেশন করেন তারা।

    দলীয় সংগীত পরিবেশন করে গ্যান্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলা ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’।এরপর চরমপত্র পাঠ করেন শিশুশিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করে সমর্পণকলা কেন্দ্র। ‘জনতার সংগ্রাম চলবে’গানে নৃত্য পরিবেশন করেন তারা।

    সবশেষে দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীতদল ‘শোন একটি মুজিবের থেকে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডালিয়া আহমেদ।

    এর আগে সকাল ৯.০০টায় জাতীয় স্মৃতিসৌধ সাভারে একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় কবিকন্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। এতে কবিতা পাঠ করেন- গোলাম সারোয়ার, আবৃত্তিকার ইকবাল খোরশেদ,মাশকুর-এ -সাত্তার কল্লোল, আহসান উল্লাহ তমাল, মাহমুদা আক্তার, লায়লা আফরোজ,  রেজিনা ওয়ালী লীনা, মিজানুর রহমান সজল এবং কাদের তালুকদার।

    এরপর সকাল ১০.০০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

  • ৫৪ তম স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ৫৪ তম স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: আজ ৫৪ তম স্বাধীনতা দিবস। এই দিনে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আজ সকালে রাজধানীর উপকণ্ঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

    ৫৪ তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উদযাপনের অংশ হিসেবে, রাষ্ট্রপতি প্রথমে  ৫টা ৫৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

    ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা এখন চার দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

    ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানই প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দীর্ঘ ১১ বছর পর ওয়াংচুক তাঁর পত্নীসহ বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন। এর আগে ২০১৩ সালে রাজাও রাণী বাংলাদেশ সফর করেন।

    পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল এই সময় রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্র প্রধান, সরকার প্রধান এবং ভুটানের রাজাও স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

    পরে দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই সময় জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতিও মহান জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

    প্রতি বছর ২৬ মার্চ ইতিহাসের অন্ধকার অধ্যায়ের সবচেয়ে করুণ স্মৃতিকথা নিয়ে আসে। যা অন্ধকার সরিয়ে মুক্তির আলোয় উদ্ভাসিত। যার শুরুটা ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে।

    জাতির পিতার নেতৃত্বে বাঙালির অসহযোগ আন্দোলন চলাকালীন ১৯৭১ এর ২৫ মার্র্চ রাতে আকস্মিকভাবে পাকিস্তানি সেনাবাহিনীর সশস্ত্র অভিযান ও গণহত্যা শুরুর পরিপ্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ রাতে তৎকালীন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর এরমধ্য দিয়েই শুরু হয় পৃথিবীর অন্যতম বৃহৎ রক্তক্ষয়ী সশস্ত্র জনযুদ্ধ। যদিও তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণেই তিনি সমগ্র জাতিকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপিত করেছিলেন। ত্রিশ লাখ শহীদের বুকের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বিশ^ মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

    ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবস তাই বাঙালির কাছে খুব পবিত্র ও মহামূল্যবান।

  • স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: ৫৪ তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    তিনি আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর একমাত্র ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

    পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।

    বাঙালি জাতির কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান।

  • আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো: শিক্ষামন্ত্রী

    আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “বছরে ৫৩ সপ্তাহে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি কিছুটা বিদ্যালয় খোলা রাখি, তাহলে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের সেই অপপ্রয়াসকে বন্ধ করতে পারি সেই লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো। যাতে এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্তি করে রায় নিয়ে এসে অপচেষ্টা করতে না পারে, রাস্তায় এসে মানববন্ধন করতে না পারে। আমরা সংবেদনশীলতার জায়গায় শ্রদ্ধাশীল। আমরা আলেম-ওলামার সাথেও আলোচনা করবো। তাদেরও একটা অবস্থান আছে এটা নিয়ে।”

    আজ মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শিক্ষামন্ত্রী বলেন, “পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে নানা ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু এ বছর বিষয়টা এভাবে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করবো কাঠামোর মধ্যে নিয়ে আসতে।”

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। এ সময় আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

    উল্লেখ্য, চলতি বছরে প্রাথমিক বিদ্যালয় রমজানে ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়।

  • আগামীকাল ২৭ মার্চ থেকে ১ ঘন্টা বাড়ছে মেট্রোরেলের সময়

    আগামীকাল ২৭ মার্চ থেকে ১ ঘন্টা বাড়ছে মেট্রোরেলের সময়

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: রাজধানী ঢাকার মানুষ মেট্রোরেল আর্শিবাদ হয়ে এসেছে।কেননা যানজটের কারণে এতদিন মানুষ সময় মতো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারনি। তাই প্রতিনিয়ত বাড়ছে মেট্রোরেলের যাত্রীসংখ্যা । ঢাকাবাসীর দবি ছিলো মেট্রোরেলের সময় বাড়ানোর। এই বিষয়টি বিবেচনার রেধে আগামীকাল বুধবার (২৭ মার্চ) থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়।

    আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

    তিনি বলেন, “আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজটি সম্পন্ন করেছি। বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।”

    তিনি আরও জানান, “নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।  তবে সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে এবং রাত ৯টার পর থেকে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলগুলোয় শুধুমাত্র এমআরটি র‍্যাপিড পাস ব্যবহারকারীরা চলাচল করতে পারবেন।”

    এমএএন ছিদ্দিক বলেন, “এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে। এতে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে দুই হাজার ৩০৮ জন করে মোট চার লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।”