Category: লিড নিউজ

  • প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩১ মার্চ, ২০২৪: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে আরও জোরালো সমর্থন চেয়েছেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিন আজ রবিবার (৩১ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এই সমর্থন কামনা করেন।

    বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি। কারণ সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।”

    প্রধানমন্ত্রী এডিবি ভাইস প্রেসিডেন্টকে বলেন, “তাঁর সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। কারণ এটি শিল্পায়ন প্রসারিত ও আরও কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে।”

    শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি, নদী খনন ও পুনরুদ্ধারের মতো খাতে এডিবির সহায়তা চেয়েছেন।

    তিনি এডিবির ভাইস প্রেসিডেন্টকে আরও জনকেন্দ্রিক প্রকল্প গ্রহণের আহ্বান জানান- যাতে করে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতে পারে।

    প্রধানমন্ত্রী ১৯৯৬-২০০১ সালে বেসরকারী খাতে বিভিন্ন শাখা খোলার জন্য তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন, যাতে এটিকে এগিয়ে নিয়ে যায় এবং প্রাণবন্ত করে তোলে- যার ফলে কর্মসংস্থান সম্প্রসারিত হয়।

    ফাতিমা ইয়াসমিন বলেন, “বাংলাদেশ এডিবির অন্যতম শীর্ষ অগ্রাধিকারের দেশ এবং ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে এডিবি’র সহায়তা পাঁচ গুণ বেড়ে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।”

    তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, “এডিবি নদী পুনরুদ্ধার, নদী ভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র ও সেচের মতো প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। কারণ এটি জলবায়ু পরিবর্তন অভিযোজন, মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে।”

    এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা ছাড় দিইনি: সেতুমন্ত্রী

    বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা ছাড় দিইনি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মার্চ, ২০২৪: বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা ছাড় দিইনি, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমাদের নেত্রী শেখ হাসিনা সব অপকর্ম, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। সেই নীতিতে আমরা এগিয়ে চলছি। বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা ছাড় দেইনি। আজকে আমি রাজনীতি করি, কিন্তু বুয়েটে যেতে পারবো না? এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের নীতি?”

    আজ রবিবার (৩১ মার্চ) সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না। পাঠক তো ঘোষক না। তার চেয়ে বড় কথা ঘোষণার অধিকার কার ছিল? ৭০ নির্বাচনে বঙ্গবন্ধু জনগণের মেনডেড পেয়েছিলেন।”

    তিনি আরো বলেন, “মঈন খানের মতো নেতারা আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন। বিএনপির নেতাদের কেউ বলে গণতন্ত্রের পুনরুদ্ধার, আবার কেউ বলে ভারতের পণ্য বর্জন।বিএনপির সব ইস্যু নির্বাচনে মার খেয়েছে। এখন তাদের নতুন ইস্যু ভারত বিরোধী। বিএনপি মিথ্যাচার করছে। তারা যখন ক্ষমতা ছেড়ে যায় তখন বাংলাদেশের রির্জাভ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার। এখন তারা আমাদের রিজার্ভ নিয়ে কটাখ্য করে। এখন আমাদের রির্জাভ ২১ বিলিয়ন ডলারের উপরে।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সামনে উপজেলা নির্বাচন। নেত্রীর নির্দেশনা আপনারা যানেন। আপনাদের প্রস্তাবনা ছিল কোনো প্রার্থী না দেওয়ার। আপনাদের খুব দায়িত্বশীল আচরণ করতে হবে। একেক জনের একেক রকম কথাবার্তা দলকে বিভ্রান্ত করে। যা খুশি বলে দেবেন? এটা তো আওয়ামী লীগ নয়, ফ্রি স্টাইলে কথা বললে আমরা ব্যবস্থা নেব।”

    সেতুমন্ত্রী বলেন, “আজকে আওয়ামী লীগের নেতারা চায়ের দোকানে বসে দলের বিরুদ্ধে কথা বলে। এই ধরনের নেতাদের পরিহার করতে হবে। উপজেলা নির্বাচন ফ্রি ফেয়ার ভোট হবে, জনগণ যাকে ভোট দেওয়া দেবে। এখানে আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না।”

    ওবায়দুল কাদের বলেন, “চাদঁপুর জেলা কমিটির দ্রুত সম্মেলন করার ব্যবস্থা নেন। চট্টগ্রাম মহানগর সম্মেলনের ব্যবস্থা নেন। আমরা সম্মেলন করে কমিটি করতে চাই। কেউ ক্ষমতার দাফট দেখাবেন না।”

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।

    এছাড়া চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্য, জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

  • অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে: অর্থমন্ত্রী

    অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩১ মার্চ, ২০২৪: অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে, বলে জানিছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, “অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। যারা দেশকে শ্রীলঙ্কা হবে বলে ভেবেছিল, তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। অর্থনীতির ওপরে একটা সন্দেহ ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল; সেগুলো কেটে গেছে। তারপর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধি এসেছিল, তারা বলেছে, আমরা অপেক্ষা করছি তোমাদের প্রস্তাবনার জন্য। তোমরা আগে প্রস্তাবনা দাও টাকা আমরা দেব, টাকার কোনো অভাব নেই। কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যেভাবে বাজেট তৈরি হয়, বাজেট তৈরি হচ্ছে।”

    আজ রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

    বৈঠকে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

    অর্থমন্ত্রী বলেন, “আমাদের প্রতিপক্ষ বলেছিল এই তো হয়ে গেল, শ্রীলঙ্কা হলো বলে। শ্রীলঙ্কা হয়েছে? হয় নাই তো। আমরা টিকে আছি এবং আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। আপনারা অনেকগুলো বিষয় বলেছেন, সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব।”

    তিনি বলেন, “দেশ তো চলছে। দেশের মানুষের যেসব পণ্য দরকার সেগুলো সবই আসছে। সেগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দামটা নিয়ে একটু বেশি আছে। কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। সেগুলো তো আছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সেভাবে চলছে।”

    অর্থমন্ত্রী বলেন, “আপনারা যে উপদেশগুলো দিয়েছেন তার সবগুলোই ভালো। তবে কাজে পরিণত করা যাবে কতোটা সেটা বলা মুশকিল। আমরা নতুন কি করতে পারি দেখা যাক।”

  • ইউনিফেরর প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    ইউনিফেরর প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মার্চ, ২০২৪: শিশুদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে ইউনিসেফের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ইউনিসেফ শিশুস্বাস্থ্য নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে চায়।”

    আজ রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট এবং জাতিসংঘ শিশু তহবিলের হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

    সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া, স্বাস্থ্য সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (অতিরিক্ত সচিব), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (বিশ্ব স্বাস্থ্য) মামুনুর রহমান উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, “ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্বসহ স্বাস্থ্যখাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এ বিশেষ সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। নিরাপদ মাতৃত্ব, ভ্যাকসিন কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। এগুলোর সঙ্গে, শিশুদের জন্য তৃণপর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণের জন্য ইউনিসেফ প্রতিনিধিগণকে এগিয়ে আসার অনুরোধ জানালে তারা সেটিতে আগ্রহ দেখিয়েছে।”

    বৈঠকে জাতিসংঘের শিশু তহবিলের প্রতিনিধিদল করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানারকম ফলপ্রসূ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে।

    দেশের স্বাস্থ্য খাত আগের থেকে আরও উন্নত হচ্ছে বলেও তারা জানান। টিকাদানে বাংলাদেশকে বিশ্বের একটি উদাহরণ হিসেবেও প্রতিনিধিরা উল্লেখ করেন।

  • ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি হামলায় নিহত ১৭

    ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি হামলায় নিহত ১৭

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ মার্চ, ২০২৪: বিগত পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। সেখানে এখন বিভিন্ন সমস্যার পাশাপাশি দেখা দিয়েছে ত্রাণ সংকট। এখন সেনারা ত্রাণ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা করছে। সর্বশেষ ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা সাহায্যপ্রার্থীদের ওপর আবারও নির্বিচার হামলা চালিয়েছে । এতে নিহত হয়েছেন ১৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।

    এর আগে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১২ বলে জানানো হয়েছিল। ইসরায়েল এর আগেও কয়েক দফায় গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর এই ধরনের হামলা চালিয়েছে। আজ রবিবার (৩১ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল কুয়েত গোলচত্বরে হামলায় নিহতের সংখ্যা ১২ জন থেকে বেড়ে ১৭ জনে পৌঁছেছে। হামলায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে গাজার ওই মোড়ে জড়ো হচ্ছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছে।

    এর আগে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট বলেছিল, গত শুক্রবার একই গোলচত্বরে সাহায্য বিতরণের সময় বন্দুক হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়। সেসময় হাজার হাজার মানুষ সেখানে ময়দা এবং অন্যান্য সরবরাহ বহনকারী ট্রাকগুলোর আসার অপেক্ষায় জড়ো হয়েছিল।

    প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ত্রাণ বিতরণের তত্ত্বাবধানকারী গাজাবাসীরা ফাঁকা গুলি চালায়, তবে ওই এলাকায় ইসরায়েলি সৈন্যরাও গুলি চালায় এবং কিছু চলন্ত ট্রাক খাবার নেওয়ার চেষ্টা করা লোকেদের আঘাত করে। এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

    এদিকে হামলার প্রত্যক্ষদর্শীরা মেডিক্যাল টিম এবং বেসামরিক ব্যক্তিদের সহায়তার হতাহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সংগ্রামের ‘বেদনাদায়ক দৃশ্য’ বর্ণনা করেছেন। এমনকি হামলার পর কিছু আহত লোক মাটিতেও পড়ে ছিল।

    ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে খাদ্য ও সহায়তা সরঞ্জাম সরবরাহকারী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর একাধিক বার বড় পরিসরে হামলা চালিয়েছে এবং এতে বহু সাহায্যপ্রার্থী ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা অবশ্য আরও বেশ কয়েকটি আক্রমণের তথ্য সামনে এনেছে। সংস্থাটি বলছে, সালাহ আল-দিন স্ট্রিটের ওয়াদি গাজা সেতুর কাছে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা এবং মধ্য গাজার আল-বুরেজি শরণার্থী শিবিরে কামানের গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে।

    ইসরায়েলি আর্টিলারি জাবালির পূর্বের রাস্তায় পাশাপাশি উত্তর গাজার বেত হানুনেও আঘাত করেছে। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণে খান ইউনিসে বিমান হামলা এবং কামান হামলা চালিয়েছে।

    সংবাদমাধ্যমটির সংবাদদাতারা বলেছেন, দেইর আল-বালাহের আল আকসা শহীদ হাসপাতালের আশপাশ থেকে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে গাজার মিডিয়া অফিস বলেছে, গাজার এই চিকিৎসা অবকাঠামোটিতে ইসরায়েলি অভিযান হয়নি।

  • ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’ এর ওয়েস্টার্ণ পোশাক

    ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’ এর ওয়েস্টার্ণ পোশাক

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩১ মার্চ, ২০২৪: আসন্ন ঈদ উৎসব মাতাতে সকলের জন্য সারা লাইফস্টাইলের সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়েস্টার্ণ কালেকশন। ঈদকে সামনে রেখে ঢেউ’য়ের এবারের আয়োজনে থাকছে তরুণ প্রজন্মের সবার জন্য বিভিন্ন ডিজাইনের বর্ণিল সব পোশাক। ‘মডার্ণ মেট্রোপলিস’ থিমে ফাস্ট ফ্যাশনের ধারণা ব্যবহার ও বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করে সাজানো হয়েছে এবারের ঢেউ ঈদ কালেকশন। ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি ও সিনথেটিক (সিল্ক, জর্জেট, ক্রেপ সিল্ক, ক্রেপ জর্জেট ও স্যাটিন)।‘ঢেউ’য়ের ঈদ সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, লং ও শোর্ট স্লিভ শার্ট, ডেনিম শার্ট, করড শার্ট, রেগুলার টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট, ডেনিম প্যান্ট।

    নারীদের জন্য ‘ঢেউ’য়ের ঈদ সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, গাউন, ক্রপ টপস, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, ওভারসাইজড টি শার্ট, জাম্পস্যুট, স্কার্ট, ফরমাল শার্ট ইত্যাদি।

    ফ্যাশনে ট্রেন্ডের মিশেলে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়ায় নতুন এবং আকর্ষণীয় পোশাকের কালেকশন রয়েছে ঢেউ’য়ে। নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। আর তরুণ-তরুণীদের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে থাকে ‘ঢেউ’। তরুণদের পছন্দের সামঞ্জ্যস্যপূর্ণ পশ্চিমা ধাচে প্রস্তুত করা হয়েছে ‘ঢেউ’র ঈদ উল ফিতর কালেকশন।

    ‘ঢেউ’য়ের এবারের ঈদ-উল-ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা লাইফস্টাইল’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে। কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেন ‘ঢেউ’য়ের সম্পূর্ণ ওয়েস্টার্ণ এই পোশাকগুলো। মাত্র ৬৯০ টাকা থেকে শুরু করে ৪৫৫০ টাকা পর্যন্ত দামে এই পোশাকগুলো কিনতে পারবেন ক্রেতারা।

    ‘ঢেউ’ একটি ওয়েস্টার্ণ ফ্যাশন ব্র্যান্ড, যা সারা লাইফস্টাইল লিমিটেডের একটি সাব-ব্র্যান্ড। ‘সারা’র অন্যান্য পোশাকের চেয়ে ঢেউয়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা। নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য তৈরি ‘ঢেউ’র পোশাকগুলোর ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়ে থাকে।

    উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে।

    আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

  • ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মার্চ, ২০২৪: ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হবে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।তিনি বলেন, “ছুটির ব্যাপারে সোমবার একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কি না, যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। ৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কি না, সেটার একটা সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে।”

    আজ রবিবার(৩১ মার্চ) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “শ্রমিকদের বেতন যাতে সময় মতো পরিশোধ করা হয় সেজন্য প্রয়োজনে ব্যাংক বেশিক্ষণ সময় খোলা রেখে, বন্ধের দিনও খোলা রাখে সুবিধা দিতে পারে, যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ না হয়। শ্রমিকদের যাই প্রাপ্য থাকে সেগুলো যাতে সময় মতো পরিশোধ হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার মালিকদের সঙ্গে মিটিং করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।”

    তিনি বলেন, “সোমবার মন্ত্রিসভার মিটিং আছে সেই মিটিংয়ে এই কমিটির একটা সুপারিশ যাচ্ছে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৯ তারিখ খোলা। এজন্য আমরা (৯ এপ্রিল বন্ধ রেখে) আগের শনিবার অফিস করতে পারি কি না সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে।”

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে। সেজন্য যানজট বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কি না এই সুপারিশ আমরা দেবো।”

  • বুয়েটের আন্দোলনে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার বিষয়টি পর্যবেক্ষণ করছে ডিবি

    বুয়েটের আন্দোলনে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার বিষয়টি পর্যবেক্ষণ করছে ডিবি

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মার্চ, ২০২৪: গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলমান আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা রয়েছে কিনা—সেটি পর্যবেক্ষণ করছে ডিবি।

    আজ রবিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

    বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে কলকাঠি নাড়ছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন। ছাত্র শিবিরের বর্তমান সভাপতিও বুয়েটের—এ বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের টিম রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    বুয়েট ক্যাম্পাসে গত ২৮ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের প্রবেশের প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। দায়ী বুয়েটের ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে দুদিন বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভ থেকে ৩০ ও ৩১ মার্চের টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এছাড়া কয়েক দফা দাবিও জানান তারা।

    আন্দোলনের ফলে বুয়েটের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    অপরদিকে শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে রাব্বির সিট ফেরত দিতে বুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র সংগঠনটি।

  • রোনালদোর হ্যাটট্রিকে তাইয়েকে ৫-১ গোলের হারিয়েছে আল নাসর

    রোনালদোর হ্যাটট্রিকে তাইয়েকে ৫-১ গোলের হারিয়েছে আল নাসর

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ মার্চ, ২০২৪: সৌদি প্রো লিগ জমে উঠেছে তারকা খেলোয়াড়দের আগমনে ।এবার ভেলকি দেখালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ সময়ে এসেও দেখাচ্ছেন অসাধারণ নৈপুণ্য। সৌদি প্রো লিগে শনিবার রাতে ঘরের মাঠে আল তাইয়েকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। যেখানে একাই ৩ গোল করেছেন রোনালদো। এটা রোনালদোর ক্যারিয়ারের ৬৪ তম হ্যাটট্রিক।

    ম্যাচের ২০তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসর। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দুই মিনিট পর গোল করে সমতা টানেন ভার্জিল। কিন্তু ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডাচ ফরোয়ার্ড। আর সেটাই যেন কাল হয় তাইয়ের জন্য! প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুলরাহমানের গোলে আবার এগিয়ে যায় আল নাসর।

    রোনালদো ৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান । সাদিও মানের পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলটি করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি। সতীর্থের প্রচেষ্টা পোস্টে লাগার পর কাছ থেকে শটে বল জালে পাঠান। আর ৮৭তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সিআরসেভেন।

    রোনালদোর ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক এটি। এর চারটি আল নাসরের হয়ে করেছেন। দলটির হয়ে ম্যাচ খেলেছেনচ ৫৮টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর গোল এখন ৩৩টি।

  • জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হবে: সেতুমন্ত্রী

    জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ মার্চ, ২০২৪: জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হবে, বলে জানিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন, “জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হবে। জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে ইউনিয়নের সাংগঠনিক সেতু তৈরি করতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে।”

    আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “সামনে উপজেলা নির্বাচন আপনাদের অনুরোধে উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। এর আগে আমরা ইউনিয়ন পর্যায়ে নৌকা দিয়েছি। এবার উন্মুক্ত করে দিয়েছি। কতটা প্রতিযোগিতামূলক, কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে দেখা হবে।”

    ওবায়দুল কাদের বলেন, “যে উদ্দেশ্যে এই ইলেকশন উন্মুক্ত করা হয়েছে সে উদ্দেশ্য ব্যাহত করা যাবে না। প্রতিযোগিতা যারা করতে চায় করুক। ইলেকশন সম্পূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে। নির্বাচন আগের আশঙ্কা, আতঙ্ক ছিল, তা নির্বাচনের মধ্য দিয়ে কেটে গেছে। সারা বিশ্ব নির্বাচন প্রত্যক্ষ করেছে। ৮০টি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তার সাথে ৩২টি সংস্থা অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।”

    সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ বড় দল। বড় দলে কখনো কখনো কিছু সমস্যা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে বাধাগ্রস্ত করে। আমরা এবার প্রথম থেকেই আটঘাট বেঁধে নামতে চাই। নির্বাচনের পর থেকেই সাংগঠনিক কার্যক্রমে আমরা নজর দিয়েছি। কিছু কিছু জেলায় সমস্যার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। যার যেমন খুশি যখন তখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখবেন সেটার দায়িত্ব দল গ্রহণ করবে না। একটা দুইটা বক্তব্য পুরো দলের শৃঙ্খলার উপর আঘাত হানে। তাতে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।”

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি।

    আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দী সভার সঞ্চালনা করেন।