Category: বাংলাদেশ

  • এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না: রাঙ্গা

    এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না: রাঙ্গা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না, বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।তিনি বলেন, এবার অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। দুই লেনের রাস্তাগুলো এখন চার লেন হচ্ছে। এগুলোতে ব্যবস্থা নিলে আসা করি এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না। গতবার ট্রাফিক পুলিশ ড্রোন দিয়ে রাস্তার সার্বিক অবস্থা দেখার ব্যবস্থা করে দিয়েছিল, যে কারণে ক্যামেরায় দেখে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পেরেছি। এবারও যদি এ রকমটা হয়, তাহলে অনেকটাই সুবিধা হবে।

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা’য় তিনি এ কথা বলেন।

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, “ঈদে মালিকদের থেকে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয় না। তারপরও প্রতিবার অতিরিক্ত ভাড়ার অভিযোগ আসে। আমাদের আসলে এতো পরিমাণ গাড়ি, যার কারণে সবগুলোকে একসঙ্গে দেখা সম্ভব হয় না। প্রতিবার কিছু অসাধু মানুষ আগেই বেশি করে টিকিট কেটে রেখে দেয়, এরপর ঈদের আগে বেশি দামে বিক্রি করে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগালে প্রতিকার পাওয়া যাবে।”

    তিনি আরও বলেন, “আমরা দেখি প্রতিবারই রাস্তার পাশে হাটবাজার থাকার কারণে যানবাহন চলাচল করতে সমস্যা হয়। এগুলো বন্ধ করার অনুরোধ। অন্যথায় মূল সড়ক থেকে হাটবাজার যেন অন্তত দূরে হয়। তাহলে এবার ঈদে অন্যান্যবারের মতো ভোগান্তি পোহাতে হবে না।”

    সভার সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “অনেকদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। ঈদের প্রস্তুতিমূলক সভাও প্রতি বছরই আমরা করেছি। প্রস্তুতিমূলক সভায় যে সিদ্ধান্তগুলো হয়, সেগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে, পরবর্তীতে এর মূল্যায়নটা আমরা করি না। আমরা যে সিদ্ধান্ত নিলাম, সেটা বাস্তবে কতটা কার্যকর তা মূল্যায়ন করা উচিত।”

    তিনি আরো বলেন, “দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছে। এর দুর্ভাবনার শেষ নেই। দুর্ঘটনার জন্য কে দায়ী এটি নিয়ে নানা বিষয় আসে। এখানে থ্রি-হুইলার, মোটর সাইকেল, বেপোরোয়া চালনাও আছে। সবকিছু মিলিয়ে দুর্ঘটনা হচ্ছে। আমি সচিব সাহেবকে বার বার বলেছি, মূল বিষয়গুলোতে হাত দেওয়া দরকার। পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর বিশ্বব্যাংকের কোনো প্রকল্প আমরা গ্রহণ করিনি। কিন্তু ইদানিং একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। রোড সেইফটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটার বাস্তবায়ন দ্রুততার সঙ্গে করতে হবে। এই ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য আমি মন্ত্রণালয়কে বারবার বলেছি।”

    ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা বলেন, “প্রতি ঈদেই রাজধানীতে বাড়তি গাড়ি চলে আসে, যেগুলোর কোনো ফিটনেস থাকে না। এগুলোর কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। এবার ঈদে যেন এগুলো যেন চলতে না পারে। দুর্ঘটনার আরেকটি কারণ হলো মহাসড়কগুলোতে মানুষ অনেক স্পিডে গাড়ি চালায়, সেই সড়কে নসিমন-করিমন চলাচলের কারণে দুর্ঘটনা দেখা যায়। আগামীতে সমস্যা থাকবে না।”

    সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ আরও অনেকে। সভা সঞ্চালনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

  • এবার ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৯৭০ ও সর্বনিম্ন ১১৫ টাকা

    এবার ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৯৭০ ও সর্বনিম্ন ১১৫ টাকা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আগের বছর (২০২৩ সাল) ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

    সভায় সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ্‌ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটির মাধ্যমে ফিতরা দেওয়া যায়।

    এবার ৭০ টাকা দরে গম বা আটার মাধ্যমে আদায় করলে অর্ধ সা বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ টাকা দিতে হবে।

    ১২১ টাকা দরে যব দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৪০০ টাকা, ৭৫০ টাকা দরে মধ্যম মানেন খেজুর দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৪৭৫ টাকা দিতে হবে।

    ৬৫০ টাকা দরে কিশমিশ দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ১৪৫ টাকা, ৯০০ টাকা দরে পানির দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি তিনশ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৯৭০ টাকা দিতে হবে।

    এসব পণ্যের স্থানীয় বাজারমূল্যে তারতম্য রয়েছে। সেদিক থেকে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এ সময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ করেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

  • এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার: সেতুমন্ত্রী

    এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ মার্চ, ২০২৪: এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গত বছরের ৩ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়েছিল। আজ কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।

    আজ সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে ডাউন র‍্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “এই প্রকল্প এই বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছর শুরুতে পুরোটা খুলে দিতে পারবো। এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে। সেইভাবেই কাজ চলছে।”

    তিনি বলেন, “ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২.৫১% শতাংশ হয়েছে”

    ঢাকায় রমজান যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “রমজানে মানুষ শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না। মানুষ কম সময়ে যাচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। আস্তে আস্তে ঠিক হবে। একসাথে সব হবে না তো।”

    আপনার মন্ত্রীত্বের ১২ বছরে লক্করঝক্কর বাস বন্ধ হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করবো না। এই বাস বন্ধ করলে আপনারা (সাংবাদিক) আগে রাস্তায় নামবেন। বলবেন জনগণকে কষ্ট দেয়। ১২ বছরে তো আমরা কম কাজ করিনি। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। ১২ বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন। এই মন্ত্রণালয়ের আওতায় কত কাজ হয়েছে। সব হবে একটু সময় দেন।”

    বিআরটি প্রকল্প নিয়ে বলেন, “এই একটা প্রকল্প দেরি হয়েছে। এটাও হয়ে যাবে।”

    ওবায়দুল কাদের জানান, ঢাকা শহরের যানজট নিরসনসহ ভ্রমণ সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক দেশের বৃহত্তম প্রকল্প। প্রকল্পটি হজরত শাহজালাল বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-মালিবাগ-খিলগাঁও-কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত যাবে। প্রকল্পের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কি.মি.। র‍্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কি.মি.।

    সেতুমন্ত্রী বলেন, “প্রকল্পটি ঢাকা শহরের উত্তর-দক্ষিণ করিডোরের সড়ক পথের ধারণক্ষমতা বৃদ্ধি করবে। এ ছাড়াও প্রকল্পটি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হলে ঢাকা ইপিজেড ও উত্তরবঙ্গের সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজতর হবে। এতে করে ঢাকা শহরের যানজট নিরসনের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।”

    তিনি বলেন, “প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়।”

    তিনি আরও বলেন, “প্রকল্পটি থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (৫১%) এবং চায়না ভিত্তিক প্রতিষ্ঠান শেনডং ইন্টারন্যাশনাল ইকোনোমিক এ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ (৩৪%) ও সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড (১৫%) এর যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে।”

    প্রকল্পের মোট ব্যয় ৮৯৪০ কোটি টাকা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “যার ২৭% বাংলাদেশ সরকার বিজিএফ হিসেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রদান করবে। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২.৫১%।”

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “প্রকল্পের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য ৩ সেপ্টেম্বর উন্মুক্ত করা হয়েছে। এ অংশের মেইন লাইনের দৈর্ঘ্য-১১.৫ কি:মি: এবং র‍্যাম্পের দৈর্ঘ্য-১১.০ কি:মি:। র‍্যাম্পসহ মোট দৈর্ঘ্য-২২.৫ কি:মি:।”

    তিনি বলেন, “বর্তমানে প্রকল্পের এফডিসি গেট সংলগ্ন ১.৫ কি.মি দীর্ঘ র‍্যাম্প যানবাহন চলাচলের জন্য প্রস্তুত হয়েছে। উক্ত র‍্যাম্পসহ মোট ১৬টি র‍্যাম্প চালু হবে। মেইন লাইন ও র‍্যাম্পসহ মোট দৈর্ঘ্য- ২৪ কি.মি।”

  • দূষিত খাল গুলোর জন্য জনগণ কষ্ট পাচ্ছে: ডিএনসিসি মেয়র

    দূষিত খাল গুলোর জন্য জনগণ কষ্ট পাচ্ছে: ডিএনসিসি মেয়র

    www.HelloBangla.News – জাতীয় – ২০ মার্চ, ২০২৪: দূষিত খালগুলোর জন্য জনগণ কষ্ঠ পাচ্ছে, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, “উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি খাল (লেক) নিয়ে বলেছেন, এর মালিকানা ঢাকা ওয়াসা ও রাজউকের। যখন আমি তাদের বললাম- এটি আমাকে দিয়ে দিন, ওয়াসা বলল- এ খাল তাদের নয়, রাজউকের। আবার রাজউক কাগজে দেখাচ্ছে এই খাল ওয়াসার।একটি খাল নিয়ে নিজেদের মধ্যেই এ ধরনের খেলা চলছে। কিন্তু কষ্ট পাচ্ছে জনগণ। খাল তাদের, কিন্তু তারা গুছিয়ে রাখছে না। তাই জনগণের কষ্ট লাঘব করতে ডিএনসিসি এ নিয়ে টানা চারবার খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। পরিষ্কার করার পর কিছুদিনের মধ্যে আবার কচুরিপানায় ভরে যাচ্ছে।”

    আজ বুধবার (২০ মার্চ) মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। সকাল ১০টা থেকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ওই খালে মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার কাজ শুরু করে ডিএনসিসি।

    মেয়র আতিকুল ইসলাম বলেন, “কচুরিপানার কারণে খালটি দূষিত হয়ে যাচ্ছে। এতে আশেপাশে বসবাসকারী মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ বসবাসের অযোগ্য হয়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরা এলাকার মশার ঘনত্ব অন্যান্য এলাকা থেকে অনেক বেশি। তাই উত্তরাবাসীদের সুস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অব্যাহত থাকবে।”

    তিনি বলেন, “এ খাল যারই হোক না কেন, আমাদের সিটি করপোরেশনের কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। যদিও এর মালিকানা ডিএনসিসির নয়, তারপরও জনগণের স্বার্থে এ খালে পরিচ্ছন্নতার কাজ আমরা করছি। এই খালে এখন পর্যন্ত সুয়ারেজ কানেকশন হয়নি। তারপরও মানুষ বসবাস করছে। আমরা দেখছি, যেকোনো কানেক্টিভ ওয়েতে এতে দূষিত পানি (কালো পানি) চলে আসছে। এতে বেশি পরিমাণে মশার লার্ভা তৈরি হচ্ছে, মশা হচ্ছে। খাল রাজউক-ওয়াসার, কিন্তু গালি খাচ্ছে সিটি করপোরেশন।”

    মেয়র আতিকুল ইসলাম বলেন, “আজ আমাদের এখানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম আছেন। আমি মনে করি, এ খালের বিষয়ে দ্রুত সমাধান হবে। এটি যাতে অনতিবিলম্বে ডিএনসিসির কাছে হস্তান্তর করা হয়। তাহলে আমরা এটি জনমানুষের জন্য নিরাপদ করে দিতে পারব।”

    সরেজমিনে দেখা যায়, খালটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন ডিএনসিসির কর্মীরা। তবে কচুরিপানা তুলতে গিয়ে নাড়াচাড়া দিলেই অসংখ্য মশা ও ক্ষতিকর পোকা উড়তে শুরু করে। দেখে মনে হচ্ছিল, ধুলার চেয়ে যেন মশার ঘনত্ব অনেক বেশি। সেখানে থাকা পরিচ্ছন্নতাকর্মীদের মশা ঘিরে ধরতে থাকে।

  • জাতিসংঘের শুভেচ্ছা দূত ভিক্টোরিয়া আজ বুড়িরচর গেছেন

    জাতিসংঘের শুভেচ্ছা দূত ভিক্টোরিয়া আজ বুড়িরচর গেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২০ মার্চ, ২০২৪: নোয়াখালীর হাতিয়ায় জেলে পল্লী পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তিনি জেলেদের বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। আজ বুধবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের জেলে পল্লী পরিদর্শন করেন তিনি।

    জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মো. আলী তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।

    জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, তিনি বুড়িরচর ইউনিয়নের নুতন সুইচ বাজার, গুচ্ছ গ্রামের জেলেপাড়া, নলচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেছেন। সেখান থেকে তিনি ভাসানচর যাবেন এবং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। এসময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন করবেন।

    অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান তাঁর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি,ও কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

  • যানজট নিরসনে হাইওয়েতে ড্রোনের সহায়তা নেওয়া হবে: রাঙ্গা

    যানজট নিরসনে হাইওয়েতে ড্রোনের সহায়তা নেওয়া হবে: রাঙ্গা

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ মার্চ, ২০২৪: যানজট নিরসনে হাইওয়েতে ড্রোনের সহায়তা নেওয়া হবে, বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, “এবারের ঈদে সম্ভাব্য কোন কোন এলাকায় জট, যানজট বা ব্লক তৈরি হতে পারে, সেটি চিহ্নিত করা হয়েছে। আমরা এবার ঈদযাত্রায় হাইওয়েতে ড্রোনের সহায়তা নিচ্ছি। ড্রোনের সহায়তায় চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব। হাইওয়ের অনেক রাস্তা চার লেন হচ্ছে। কোথাও কোথাও হয়ে গেছে। এখন রাস্তায় যদি কোনো যানবাহন তাৎক্ষণিক অকেজো হয়ে পড়ে, তাহলে সেটি সরানো সহজ হবে। আনফিট কোনো যানবাহন যাতে ঈদে সড়কে না নামে, সেটি নিশ্চিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।”

    আজ মঙ্গলবার (১৯ মার্চ) পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মহাসড়ক/সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, “প্রতি বছরই বাড়তি ভাড়ার অভিযোগ ওঠে এবং প্রমাণও মেলে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাঙ্গা বলেন, অনেক পরিবহনই ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় করে। যেসব বাস কোম্পানি সুনামের সঙ্গে কাজ করছে, তাদের কোনো বাস যদি ভাড়া বেশি নেয়, তাহলে আমাদের জানাবেন, আমাকে জানাবেন… ব্যবস্থা নেব। প্রয়োজনে স্পটে উপস্থিত হব। অভিযোগ পেলেই আমরা সেখানে যাব। কোন কোন জায়গায় কারা বাড়তি ভাড়া নিচ্ছে, সেটি আমরা শনাক্ত করব। আমরা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেব। “

    তিনি বলেন, “আমরা সবাই ভালোভাবে ঈদযাত্রায় যেতে চাই। ভালোভাবে যাওয়ার সুযোগটা আমাদের তৈরি করতে হবে। ঈদে আমরা সবাই একসঙ্গে যেতে চাই। সেটি না করে আমরা ভাগ ভাগ করে, আগে বা পরেও যেতে পারি। তাহলে ৫/৭ বা ৮ ঘণ্টার মধ্যেই গন্তব্যে যেতে পারব। ”

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, “আমরা লক্ষ্য করি কিছু লক্কড়-ঝক্কড় বাস যেগুলো সারা বছর সিরিয়াল পায় না, এগুলো ঈদের সময় রাস্তায় নেমে পড়ে। এসব আমরাও ধরতে পারি না, পুলিশও বুঝতে পারে না কোত্থেকে এগুলো রাস্তায় আসে। এগুলো রিজার্ভ হিসেবে চলে… গার্মেন্টস শ্রমিকরা নিয়ে যায়। যে রাস্তায় আমাদের ছোট বাসও চলে না, সেখানে দেখি বিআরটিসির ডাবল ডেকার বাস ঢুকে পড়েছে। আমরা এখনো মহাসড়ক থেকে নছিমন, করিমন ও ভটভটি সরাতে পারিনি। এটাও আমাদের একটি বাধা।

    মহাখালী বাস টার্মিনালের সামনে সড়কের তিনটি লেনই অবৈধ পার্কিংয়ের দখলে। যার বড় প্রভাব পড়ে সড়কে যান চলাচলে। সেটি সমাধান না হলে ঈদযাত্রার বড় অংশ সময় যাবে ঢাকাতেই। এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, “রাস্তা লক বা ব্লক করে রাস্তায় দাঁড়ানোর কোনো অধিকার আমাদের নেই। যারা অবৈধভাবে পার্কিং করবে সড়কে, আর যানচলাচল বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধে ট্র্যাফিক পুলিশ আইনানুগ পদক্ষেপ নিক, আমাদের কোনো সমস্যা নেই। ”

    মহাখালী বাস টার্মিনালের সামনে তো সড়কই নেই, সড়ককেও টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখান থেকে বের হয়েই আগে মহাখালী যাব। দেখি ওখানে কী সমস্যা। আবারও বলছি, যারাই অবৈধ পার্কিং করবেন, অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

    সভায় বিজিএমইএ; বিকেএমইএ; চেয়ারম্যান/জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন; মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি; সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন; সহ-সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন; সভাপতি/সাধারণ সম্পাদক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি; চেয়ারম্যান/জেনারেল সেক্রেটারি, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ; সভাপতি/সাধারণ সম্পাদক/সহ-সভাপতি, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি; সভাপতি/সাধারণ সম্পাদক, বাস মালিক সমিতিসহ হাইওয়ে সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

  • সাকিব প্রাইমারি সদস্য হওয়ার পর মনোনয়ন পেয়েছে: সেতুমন্ত্রী

    সাকিব প্রাইমারি সদস্য হওয়ার পর মনোনয়ন পেয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ মার্চ, ২০২৪: সাকিব প্রাইমারি সদস্য হওয়ার পর মনোনয়ন পেয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ইলেকশন (নির্বাচন) করেছে, জয় লাভ করেছে। পার্টির কাছে মনোনয়ন চাওয়ার সময় সে পার্টির সদস্য। তার আগে তো সাকিব আমাদের পার্টির কেউ ছিল না। নমিনেশন যখন নেয় তখন তাকে তো প্রাইমারি সদস্য পদ নিতে হয়। সে শর্ত পূরণ করা দরকার সেটা সে করেছে। সেভাবেই আমরা মনোনয়ন দিয়েছি। সে এমপি হয়েছে নির্বাচনে। আমি এই বিষয়ে আর কিছু জানি না।”

    আজ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফুটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এটা সম্পর্কে আমার জানা নেই। এটার রেজিস্ট্রেশন করে স্বাধীন নির্বাচন কমিশন। কোন দল কে রিকগনিশন (প্রতিনিধিত্ব) করে এটা নির্বাচন কমিশনের বিষয়। এখানে আমাদের কিছু বলার নেই।”

    বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সম্পাদক বলেন, “তারা (বিএনপি) বন্ধুরাষ্ট্র বলতে ইন্ডিয়াকে বলেছে। বলেছে তোমরা স্বাধীনতা অর্জনে সাহায্য করেছো, এখন গণতন্ত্র উদ্ধারে তোমাদের সাহায্য চাই। গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে। তাদের সাহায্য চাওয়ার অর্থ ক্ষমতায় বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে বিদেশি রাষ্ট্র এসে ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।”

    অন্য এক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “আমাদের গণতন্ত্র ঠিক আছে। আমাদের নির্বাচন হয়েছে। বিএনপির কাছে বন্ধুপ্রতিম দেশের সহযোগীতার অর্থ তাদেরকে ক্ষমতা বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় বসাতে পারবে না।”

    তিনি বলেন, “আমরা একটি দেশ। গণতন্ত্রের বিষয়ে আমাদের একটা মানদণ্ড আছে। গণতন্ত্রের ব্যাপারে কেউ পারফেক্ট না। এদেশে ২১ বছর গণতন্ত্রের চর্চা হয়নি।”

    এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনিসুল ইসলাম প্রমুখ।

  • বঙ্গবন্ধু সাধারণ মানুষের চিকিৎসা সেবার কথা বলতেন: স্বাস্থ্যমন্ত্রী

    বঙ্গবন্ধু সাধারণ মানুষের চিকিৎসা সেবার কথা বলতেন: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ মার্চ, ২০২৪: বঙ্গবন্ধু সাধারণ মানুষের চিকিৎসা সেবার কথা বলতেন, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “বঙ্গবন্ধু সবচেয়ে বেশি যেটি চিন্তা করতেন সেটি হলো, সাধারণ মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে কয়েকবারই গিয়েছিলেন। তখন ডাক্তার-নার্সদের উদ্দেশে বলতেন, তোমরা হচ্ছো ডাক্তার, নার্স। তোমরা যদি সময় মতো আসো, সময় মতো সেবা দান করো তাহলে আমি সন্তুষ্ট।”

    আজ মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ সকাল ১০টায় প্রোগ্রাম শুরু করে ১১টার মধ্যেই শেষ করতে চেয়েছি। আমি চাই এখানে যারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সেবায় জড়িত মানুষরা আছেন, তারা এখান থেকে গিয়ে দ্রুত কাজে ফিরে যান। তাই সময়ের মধ্যেই শেষ করবো।”

    তিনি বলেন, “জাতির পিতা না থাকলে আজ আমি থাকতাম না। আজ মন্ত্রী হতে পেরেছি, আপনারা যারা আমার সামনে এসেছেন তারা আসতে পারতেন না।”

    স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মার্চ মাসে আমরা থাকতাম ইস্কাটনে। তখন হাতিরপুলে গেলে বঙ্গবন্ধু লুঙ্গি পরে নিচে আসতেন, আমাদের সঙ্গে কথা বলতেন। আমরা যারা কাছ থেকে দেখেছি, তারা জানি তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা ছিল।”

    এসময় আগত চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, “আজ তাই আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করি। স্বাস্থ্যসেবাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাই, যাতে সারাবিশ্বের মানুষ তালি মারে। তারা যাতে বলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। আমি এবং প্রতিমন্ত্রীর একটাই চাওয়া, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর এটার সবচেয়ে বড় কারিগর আপনারা।”

    মন্ত্রী জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ হলেই আমাদের স্বাস্থ্যখাতের সব কনফারেন্স হবে। এখানে না হলে কোনো ফাইভ স্টার হোটেলে আমরা যাবো না। এ প্রতিষ্ঠানকে আমরা জনগণের কাছে নিয়ে যাই। এখানেই আমাদের আগামী পাঁচ বছরের যত অনুষ্ঠান আছে, সবই করবো।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম প্রমুখ।

  • শুদ্ধ রাজনীতির চর্চায় ফিরে আসুন: তথ্য প্রতিমন্ত্রী

    শুদ্ধ রাজনীতির চর্চায় ফিরে আসুন: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ মার্চ, ২০২৪: শুদ্ধ রাজনীতির চর্চায় ফিরে আসুন, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বিদেশি প্রভুদের তোষণ ও  অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা এবং নির্বাচন বানচালের সংবিধানবিরোধী অপরাজনীতি ছেড়ে শুদ্ধ রাজনীতি চর্চায় ফিরে আসুন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন, নির্বাচনী প্রক্রিয়ায় রাজনীতি করুন।

    আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করতে চেয়েছিল। আওয়ামী লীগ এ দেশের জনগণকে নিয়ে তা ব্যর্থ করে দিয়েছে।”

    আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।