Category: বাংলাদেশ

  • আমরা এ বছর কঠোর পদক্ষেপ নিয়েছি: হাইওয়ে পুলিশ

    আমরা এ বছর কঠোর পদক্ষেপ নিয়েছি: হাইওয়ে পুলিশ

    www.HelloBangla.News – জাতীয়  – ৭ এপ্রিল, ২০২৪: আমরা এ বছর কঠোর পদক্ষেপ নিয়েছি, বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, “খোলা ট্রাক, পিকআপভ্যান, পণ্য পরিবহনে অনেক যাত্রী উঠে বসে। এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা এ বছর কঠোর পদক্ষেপ নিয়েছি, যেন কোনো যাত্রী সাধারণ এসব পরিবহনে না ওঠে। আমরাও কিন্তু আইন প্রয়োগে কঠোর থাকব। চালক ও মালিকদেরও আমরা অনুরোধ করব, এসব ঝুঁকিপূর্ণ পারাপার যেন না করে। এতে আমাদের ঈদযাত্রা নিরাপদ হবে।”

    আজ শনিবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর ট্র্যাফিক পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান এবং হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

    হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, “ঈদের আগে সবাই দু-একদিনের মধ্যেই বাড়িতে ফিরে। আসার সময় কিন্তু এমনটা হয় না। অনেকেই ধীরে ধীরে শহরে ফিরে। এতে করে রাতে সড়ক ফাঁকা থাকে। তাই অনেকে ওভার স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করেন। ফলে দুর্ঘটনার পরিমাণ কিন্তু ঈদের পরেই বেড়ে যায়।”

    তিনি বলেন, “এ মহাসড়কে ১ হাজার ৪২৭টি সিসি ক্যামেরা রয়েছে। আমরা এখনও উদ্বোধন করতে পারিনি কিন্তু আমরা এর সুবিধা ভোগ করতে পারছি। প্রতিটি হাইওয়ে পুলিশ সদস্যকে ‘বডি ওর্ন ক্যামেরার আওতায় আনা হয়েছে। এতে জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। ”

    হাইওয়ে পুলিশ প্রধান বলেন, “আমাদের জেলার যে সড়কগুলো রয়েছে সেখানে কিশোররা হেলে-দুলে মোটরসাইকেল চালায়। এটা কিন্তু খুবই ভয়ংকর দুর্ঘটনার কারণ। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাইকে অনুরোধ করছি -বিষয়টি যেন খেয়াল রাখার জন্য। তবে মহাসড়কে স্পিড গান ও পুলিশের সার্বক্ষণিক টহল রয়েছে, এমন কিছু হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তাই বলব, আনন্দ নিয়ে যেমন বাড়িতে ফিরেছেন, তেমনি আনন্দ নিয়েই যেন কর্মস্থলে ফিরতে পারেন সবাই সেদিকে খেয়াল রাখবেন। দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের পাশাপাশি, চালক, মালিক, যাত্রী সবাইকে সচেতন হতে হবে।”

    হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি, চালক, যাত্রী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতিবন্ধকতা জানতে চান।

  • বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় আমরা তাই করতে প্রস্তুত: সেনাপ্রধান

    বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় আমরা তাই করতে প্রস্তুত: সেনাপ্রধান

    www.HelloBangla.News – জাতীয়  – ৭ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় আমরা তাই করতে প্রস্তুত, বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময়মতো পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ- সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

    আজ রবিবার (৭ এপ্রিল) দুপুরে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সেনাপ্রধান ।

    সেনা প্রধান বলেন, “শান্তি আলোচনার আড়ালে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে। আমরা এখন সরকার সামগ্রিকভাবে যা চিন্তা করেছে, সেভাবে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ সবাই সমন্বিতভাবে এই পরিস্থিতি মোকাবিলা করব।”

    তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযানে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি। ”

    তিনি আরও বলেন, “শনিবার রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। বান্দরবানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম সেনাবাহিনী।”

    তিনি বলেন, “ইতোমধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।’সেনাপ্রধান রোববার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে  বান্দরবান পৌঁছেন। তিনি রুমা ও থানচি উপজেলা পরিদর্শন করেন।”

    বান্দরবানের দুই উপজেলায় গত মঙ্গলবার রাতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা, অস্ত্র লুট ও অপহরণের ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার রাতে থানচি থানা লক্ষ্য করে গুলি করে সশস্ত্র গোষ্ঠী। পরে গভীর রাতে আলীকদম উপজেলায় পুলিশ ও সেনাদের একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় কেএনএফ জড়িত বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

  • পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ এপ্রিল, ২০২৪: লাইলাতুল কদর এক অতিশয় সম্মানিত ও মহিমান্বিত পবিত্র রজনি, বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র এই রজনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি।

    আজ শনিবার (৬ এপ্রিল) পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান।

    বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “লাইলাতুল কদর এক অতিশয় সম্মানিত ও মহিমান্বিত পবিত্র রজনি। সিয়াম সাধনার মাসের এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল করেন। মহান আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ [জিবরাইল (আঃ)] অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সে রাত বিরাজ করে ফজরের আবির্ভাব পর্যন্ত।’ (সূরা আল-কদর, আয়াত ১-৫)”

    শেখ হাসিনা বলেন, “কদরের রজনির অপার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আদ-দুখানে বলেছেন নিশ্চয়ই আমি তা (কুরআন) এক মুবারকময় রজনিতে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা হয় ৷”

    মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনিকে অনন্য মর্যাদা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রজনিতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফিরাত।”

    প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র লাইলাতুল কদরের রজনিতে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন।”

  • পাহাড়ে হামলার ঘটনার তদন্ত চলছে: সেতুমন্ত্রী

    পাহাড়ে হামলার ঘটনার তদন্ত চলছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: পাহাড়ে হামলার ঘটনার তদন্ত চলছে, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে। এরা ক্ষুদ্র জঙ্গিগোষ্ঠী, মনে করি না অন্য কোথাও থেকে মদত পাচ্ছে। মিজুরাম থেকে মদত পাচ্ছে বলেও মনে করি না।”

    আজ শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    সেতুন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটি রাঙ্গামাটি, খাগড়াছড়িতে নেই। শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।”

    এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে, এটা মনে করার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

  • আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

    আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব। আমরা কোনো ক্রমেই আইন-শৃঙ্খলা ভঙ্গ করতে আর দেবো না। এই শান্তি প্রিয় এলাকায়, যেখানে শান্তির সুবাতাস সব সময় বইতো, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ, কারা করেছে, কাদের সহযোগিতা ছিল সবগুলো বের করব এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

    আজ শনিবার ( ৬ এপ্রিল) রুমায় ব্যাংক পরিদর্শনকালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রুমা এমন একটি জায়গায়, যে জায়গায় কোনো দিন এ ধরনের একটা অশান্ত পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সব সময় দেখেছি, শান্তি প্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল, এটাই আজকে আমাদের কাছে প্রশ্ন।”

    তিনি বলেন, “ডাকাতির মূল উদ্দেশ্য ছিল বোধ হয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সব কিছুই দেখব। অস্ত্র সহকারে এবং পোশাক সহকারে এখানে ঢুকবে; আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়। যা করার নিরাপত্তা বাহিনী এখন সেটা করবে।”

    অভিযান শুরু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবেন। কোনো কিছুকেই আমরা আনচ্যালেঞ্জড যেতে দেবো না। উৎস কোথায়, কীভাবে হলো সবগুলো আমরা বের করব।”

    এর আগে সকালে হেলিকপ্টারে রুমা পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন করেন সেখানকার সোনালী ব্যাংক শাখা। এছাড়া পাশের একটি মসজিদ কমপ্লেক্সসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন।

    গত মঙ্গলবার রাতে একদল বন্দুকধারী রুমা সোনালী ব্যাংক শাখায় তাণ্ডব চালায়। অপহরণ করে ব্যাংকের ম্যানেজারকে। পরদিন থানচি বাজার ঘেরাও করে সোনালি ও কৃষি ব্যাংকেও হামলা চালিয়ে নগদ অর্থ লুট করে। স্থানীয়রা জানায়, হামলাকারীরা সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী কেএনএফের পোশাক পরিহিত ছিল।

    স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর উশৈসিং এমপি, বিজিবি প্রধান মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

    সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনে বলেন, “হামলাকারীদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।”

    আজ শনিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হরর সিনেমায় দেখা যায়, দৈত্য মানুষ পোড়ায়, আবার সেই পোড়া মানুষের মাংস খায়। বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা তো দৈত্য। হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল।”

    তিনি বলেন, “বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নাই। প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।

    ড. হাছান মাহমুদ বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী এবং মজুদদার চেষ্টা করেছিল বাজার অস্থিতিশীল করার এবং সেটির সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক। ঈদকে সামনে রেখেও সবসময় বাংলাদেশে অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হয়। সেটিকেও কঠোরহস্তে দমন করার জন্য আমরা বদ্ধপরিকর।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি গণমাধ্যমকে অনুরোধ জানাব, রমজানের সময় যে বাজার মোটামুটিভাবে স্থিতিশীল আছে এবং কিছু কিছু পণ্যের দামও যে কমেছে, সেটিও প্রচার করা দরকার। কোনো পণ্যের দাম বাড়লে গণমাধ্যমে সেটি যেমন প্রচারিত হয়, পণ্যের দাম কমলে সেটিও প্রচার করা দরকার।সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।

  • ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তনি বলেন,  “২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য দেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যদি ঠিকভাবে কাজ করে তাহলেই এটা সম্ভব হবে। আমি এজন্য আপনাদের যত রকম সুযোগ-সুবিধা প্রয়োজন তার ব্যবস্থা করবো। আপনারা আমাকে সেবা দিন, আমি আপনাদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করবো।”

    আজ শনিবার (৬ এপ্রিল) রাজধানীর শাহাবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার খুরশিদ আলম তার বক্তব্যে বলেন, “দেশে ডাক্তারের সংখ্যা ১০ হাজার থেকে বেড়ে ৩০ হাজার হয়েছে। দেশে বায়োমেট্রিক ব্যবস্থা শুরু করায় অফিসে উপস্থিতি বেড়েছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ৫০০টি এর মাঝে ৫০ শয্যার হাসপাতাল আছে  ৩৭৬টি।  আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়েছে, শিশু মৃত্যুহার কমেছে। ইপিআই টিকাদান প্রায় ৯৪ শতাংশ সফল হয়েছে। রাতকানা রোগ নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ৫ বছরের কম বয়সী খর্বকায় শিশুর জন্মের সংখ্যা ২৪ শতাংশে নেমে এসেছে।”

    ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই দেশের স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর নেওয়া কিছু উদ্যোগের কথা উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছিল। তিনি স্বাস্থ্য ও পুষ্টি সেবা পাওয়াকে জনগণের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের কর্তব্য হিসেবে সংবিধানে সংযোজনের পাশাপাশি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্যকে গুরুত্ব প্রদান করেন। চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

    আলোচকরা আরও বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সফল নেতৃত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। যার ফলে গত ১৫ বছরে শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, গড় আয় বৃদ্ধিসহ অন্যান্য সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

    আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. মো. জিয়াউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদফয়রের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।

  • পাহাড়ে সশস্ত্র তৎপরতার বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে: সেতুমন্ত্রী

    পাহাড়ে সশস্ত্র তৎপরতার বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ এপ্রিল, ২০২৪: পাহাড়ে সশস্ত্র তৎপরতার বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বম। এরা রাঙ্গামাটিতে নেই, খাগড়াছড়িতে নেই, আছে বান্দরবানে। এরা কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে। বিষয়টি আমাদের নলেজে আছে। সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যৌথ অভিযান চলছে। আমি মনে করি না, এতে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে। এটি মনে করার কোনো কারণ নেই। আমি আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।”

    আজ শুক্রবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্যজীবী লীগ।তিনি সেখানে এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। কোথায় জুলাই মাস! আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি। সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলো, আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যাননি।”

    ওবায়দুল কাদের বলেন, “আজ বিএনপি সমালোচনা করে বলে, সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে। কীভাবে হরিলুট চলছে, কোথায় হরিলুট চলছে। অন্ধকারে ঢিল ছুড়বেন না। সত্য বলুন। ৮০ ভাগ লোক জেলে, আজ মির্জা ফখরুল মায়াকান্না কাঁদেন। এই ৮০ ভাগের তালিকা কোথায়? কোথায় হরিলুট চলছে? আজকের সংকটে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন নেই, রাত নেই, অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন পরিস্থিতিকে সামাল দেয়ার জন্য।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা আজ দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছি। স্বাধীন নির্বাচন কমিশন করেছি। এর আগে ছিল প্রধানমন্ত্রীর অধীনে। এখন স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে। পৃথিবীর কোনো দেশ দাবি করতে পারবে না, তাদের গণতন্ত্র পরিপূর্ণ। পরিপূর্ণতা কোথাও আসেনি। আমরাও চেষ্টা করছি। আমাদের গণতন্ত্র বিকাশমান। এ প্রতিষ্ঠানকে যেকোনো মূল্যে আমরা বাঁচিয়ে রাখবো।”

    সেতুমন্ত্রী বলেন, “বাংলাদেশে কিছু কিছু দল নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। বলেছিল, সরকার নির্বাচন করতে পারবে না। তারা ঠেকাতে পারেনি। নির্বাচন হয়ে গেছে। তারপর বলেছিল, পাঁচদিনও টিকবে না এ সরকার। সেই জানুয়ারির ৭ তারিখ থেকে তিন মাস হয়ে গেল, সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।”

    তিনি বলেন, “এদেশে গণতন্ত্র ধ্বংস করেছে তারা। গণতন্ত্র উদ্ধার করেছেন, শৃঙ্খলমুক্ত করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। রাতারাতি গণতন্ত্রের শাখা-প্রশাখা বিকশিত হবে, এমনটি ভাবার কারণ নেই। আমাদের গণতন্ত্র অনেক পরীক্ষা, বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর এদেশে গণতন্ত্রের চিহ্নও ছিল না।”

    ওবায়দুল কাদের বলেন, “আমরা রমজান মাসের শেষ পর্যায়ে। ঢাকা এবং সারা দেশের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমাদের পার্টি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা নিজেরা ইফতার পার্টি করিনি। এবার গণভবনে ইফতার পার্টি হয়নি। গতবারও হয়নি। আমরা ইফতার পার্টি না করে অসহায়-গরিব মানুষের মধ্যে বিতরণ করব। এটিই আমাদের নেত্রীর নির্দেশ। সেভাবেই আমরা আমাদের রোজার মাসের পরিকল্পনা নিয়েছি এবং সেভাবেই সারাদেশে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।”

    মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক প্রমুখ।

  • সন্ত্রাসীদের নির্মূলে পাহাড়ে অভিযান চালাবে র‌্যাব

    সন্ত্রাসীদের নির্মূলে পাহাড়ে অভিযান চালাবে র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ৫ এপ্রিল, ২০২৪: কুকিচিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) এবং পাহাড়ের অন্যান্য সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলে সাঁড়াশি অভিযান চালাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    আজ শুক্রবার (৫ এপ্রিল) সকালে বান্দরবান জেলা সদরের পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে র‌্যাবের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    এসময় তিনি আরও বলেন, “পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকিচিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) সম্প্রতি বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।  মূলত এটি তারা করছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য।”

    এসময় তিনি আরও বলেন, “র‌্যাব খবর পাওয়ায় পরপরই সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং অক্ষত অবস্থায় ম্যানেজারকে উদ্ধার করা হয়।”

    এসময় তিনি আরও বলেন, “পাহাড়ের সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না, আর সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে আজ থেকে সাঁড়াশি অভিযান চালানো হবে।”

    তিনি বলেন, “সম্প্রতি যে হামলাগুলো হয়েছে, সেখানে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।”

    সংবাদ সম্মেলন শেষে র‌্যাবের হেফাজতে থাকা রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। নেজাম উদ্দিন ও তার পরিবার তাকে নিরাপদে উদ্ধার করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এসময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • অস্তিত্বহীন বিএনপির কথা আমলে নেওয়ার কিছু নেই: আইনমন্ত্রী

    অস্তিত্বহীন বিএনপির কথা আমলে নেওয়ার কিছু নেই: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ এপ্রিল, ২০২৪: অস্তিত্বহীন বিএনপির কথা আমলে নেওয়ার কিছু নেই, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল যখন অস্তিত্বের ভয়ে থাকে, তখনই তারা আবোল তাবোল বলে। বিএনপিও আবোল তাবোল বলছে, তা আমলে নেওয়ার কিছু নেই।”

    আজ শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সামনে ভারতের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    পরে তিনি উপজেলা অডিটোরিয়ামে ৮০ জন নারী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (হার পাওয়ার) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

    এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার মুক্তারসহ অনেকে।