Category: বাংলাদেশ

  • দুই দেশের মধ্যে আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি: ডোনাল্ড লু

    দুই দেশের মধ্যে আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি: ডোনাল্ড লু

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: দুই দেশের মধ্যে আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।  তিনি বলেন, “গত দুদিন আমি বাংলাদেশ সফর করছি। দুই দেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতেই আমার এ সফর। গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল। এখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি।

    আজ বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডোনাল্ড লু ।

    ডোনাল্ড লু বলেন, “দুই দেশের (যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ) সম্পর্ক জোরদারে আমরা একটি উপায় বের করতে চাচ্ছি। সম্পর্কের অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতেই আমি আজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমাদের মধ্যে অনেকগুলো অস্বস্তিকর বিষয় আছে, র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন, মানবাধিকার ও ব্যবসায়িক পরিবেশ সংস্কার ইত্যাদি।”

    তিনি বলেন, “অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়েও সহযোগিতা বাড়াতে চাই। আমরা নতুন বিনিয়োগ নিয়ে কথা বলেছি। বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী যাতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে পারেন, তা নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি নিয়েও কথা বলেছি। কীভাবে এ নিয়ে একসঙ্গে কাজ করা যায়, তা বলেছি।”

    লু বলেন, “এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে কীভাবে একসঙ্গে লড়াই করতে পারি, মন্ত্রীর সঙ্গে সে বিষয়ে আমি আলাপ করেছি। সরকারে স্বচ্ছতা ও কর্মকর্তাদের জবাবদিহি বাড়াতে অনেক কাজ করার বাকি আছে।”

    সফরের শুরুতে ঢাকায় গুলশানে পিটার হাসের বাসায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। রাতে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দিয়েছেন।

    সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

  • নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়: তথ্য প্রতিমন্ত্রী

    নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।  তিনি বলেন, “সরকার কাজ করবে। কিন্তু নাগরিকদের দায়িত্বের জায়গা থেকে, নাগরিকদের অধিকার যেমন সংরক্ষণের বিষয় আছে, তেমন দায়িত্ব পালনেরও বিষয়টি থাকে। নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার ও নাগরিকদের মধ্যে একটি পার্টনারশিপ তৈরি হয়। তখনই সমস্যাগুলো অনেক সহজে দূর হয়।”

    আজ বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর গুলশান ২ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “অল্প বৃষ্টি হলেই অনেক সময় বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এ ধরনের অভিযোগ আমরা পাই। অনেকে ভিডিও করেও আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা গিয়ে দেখি, ড্রেনেজ লাইনের মধ্যে বিভিন্ন ধরনের বোতল, চিপসের প্যাকেট পড়ে থাকে। পানির মধ্যে বড় বড় জিনিসপত্র, জাজিম, সোফা, ফ্রিজ ফেলে রাখা হয়।”

    তিনি আরও বলেন, “একদিকে সিটি করপোরেশন সারাক্ষণই যদি পরিষ্কার করতে থাকে, অন্যদিকে আপনারা নোংরা করতে থাকেন, নিয়মের মধ্যে না থাকেন, তাহলে তো এ সমস্যা কোনোদিনও সমাধান হবে না।”

    তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি মেয়রকে ধন্যবাদ জানাতে চাই এ উদ্যোগের জন্য।”

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাতালিয়া কানেম।

    আজ বুধবার (১৫ মে) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন নাতালিয়া কানেম।

    পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

    সাক্ষাতে শিশু ও মাতৃ মৃত্যুহার, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিয়ে এবং নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    শিশু ও মাতৃ মৃত্যুহার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বলেন, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।

    জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে তার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা কমেছে।”

    তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।”

    নারী শিক্ষায় অগ্রগতির কথা উল্লেখ করে শেখ হাসিনার বলেন, “বাংলাদেশে এখন স্কুল পরীক্ষায় সংখ্যা এবং একাডেমিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে। সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সংখ্যা এবং পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে। এটা সম্ভব হয়েছে নারী বান্ধব শিক্ষা নীতির কারণে। অথচ অতীতে একটা সময় অনেক বাবা-মা মেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী ছিলেন না।”

    এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি এবং স্কুল ফিডিং কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক নারীরা এখন স্কুলে আসছে।”

    এ সময় অন্যান্যদের মধ্যে সেখানে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান।

  • নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ‘বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি’ গড়ে তুলেছি। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের কিশোর-কিশোরীদের নিয়ে ৮ হাজারেরও বেশি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। ‘তথ্য আপা’ প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এক কোটি নারীকে তথ্যসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন ‘১০৯’ চালুর মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও আমরা প্রতিটি থানায় নারী পুলিশের দায়িত্বে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সাপোর্ট ডেস্ক স্থাপন করেছি।

    আজ বুধবার (১৫ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আইসিপিডি থার্টি গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যাশিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে কমেছে।”

    তিনি বলেন, “আমরা জাতীয় কৈশোর স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০) এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা ১ হাজার ২৫৩টি ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রে কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫০ লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা দেশব্যাপী ‘স্কুল মিল’ চালু করার উদ্যোগ নিয়েছি।”

    সরকারপ্রধান বলেন, “আমরা ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি। ২০২৪ পর্যন্ত প্রায় ৪৬৪ কোটি বই বিতরণ করা হয়েছে। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি ব্যবস্থা চালু করেছি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে। আমরা জাতীয় বাজেটের মোট ৩০ শতাংশ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি। বেইজিং ঘোষণা ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে আমাদের শ্রমশক্তির ৪২.৬ শতাংশ নারী, যা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আইসিটি খাতে ২০২৬ সালের মধ্যে ২৫ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম নেওয়া হয়েছে।”

    তিনি বলেন, “বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৩ অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং এ অঞ্চলে প্রথম। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে নারী প্রতিযোগীদের অংশগ্রহণ আগের সাধারণ নির্বাচনের তুলনায় ৩৮.২৪ শতাংশ বেশি ছিল। আমাদের সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল হিসেবে ২০২৩ সালে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২.৩ বছর। বর্তমানে আমাদের মোট জনসংখ্যার ৬২ শতাংশই কর্মক্ষম।”

    শেখ হাসিনা বলেন, “দেশে বর্তমানে মোট জনসংখ্যার ৯.২৯ শতাংশ ষাটোর্ধ্ব বয়সী। প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। ২০২৩ সালে আমরা ৫৮ লাখের বেশি প্রবীণ নাগরিকের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি আমরা অসহায় নারী, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাচ্ছেন। এছাড়াও আমরা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছি। ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো নাগরিক এই পেনশন সুবিধা নিতে পারবেন।”

    সরকারপ্রধান বলেন, “আমাদের ‘ডিজিটাল বাংলাদেশ ভিশন’ বাস্তবায়ন করেছি। ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গঠনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের জন্য আমরা চারটি পিলার নির্ধারণ করেছি: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। এ লক্ষ্যে আমরা আমাদের জনগোষ্ঠীকে বিশেষ করে তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। অতি সম্প্রতি আমরা জনসংখ্যানীতি ২০১২ যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন নীতিতে ২০৪১ থেকে ২০৬১ পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডেভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কর্মদক্ষতা সৃষ্টি ও উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করা হচ্ছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদ করা রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন-মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সবার জন্য, বিশেষ করে নারী ও শিশুর, জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

    তিনি বলেন, “জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ নিয়ামক। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে পারব। এ লক্ষ্যে সর্বজনীন স্বাস্থ্য সেবা বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন-মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সবার জন্য বিশেষ করে নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

  • ঢাকার বাইরে মফস্বল এলাকা গুলোতে উন্নত মানের গণপরিবহন চলে: সেতুমন্ত্রী

    ঢাকার বাইরে মফস্বল এলাকা গুলোতে উন্নত মানের গণপরিবহন চলে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: ঢাকার বাইরে মফস্বল এলাকা গুলোতে উন্নত মানের গণপরিবহন চলে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহন চলাচল করে। কিন্তু ঢাকায় লক্কর-ঝক্কার ও রংচটা গাড়ি চলে। এগুলো দেখতেও তো খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নতমানের গণপরিবহন চলে।”

    আজ বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এ সভার আয়োজন করে বিআরটিএ।

    বিআরটিএ’র উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, “এই লক্কর-ঝক্কর বাসগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও এখন ডাম্পিং করতে গেলে দেখা যায় ওই ধরনের গাড়ি আর রাস্তা বের হবে না। তখন জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।”

    তিনি বলেন, “সড়কে শৃঙ্খলা আনতে বিআরটিএ অনেক কর্মসূচি ও আইন করে। কিন্তু রেজাল্ট কী? সড়কের দুর্ঘটনা এবং যানজট তো কমছে না।”

    ওবায়দুল কাদের বলেন, “সড়ক দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশেই বন্ধ হবে না। তবে দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। যানজট এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিছু যদি আমরা করতে না পারি তাহলে আমাদের নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ। প্রতিনিয়তই আমাদের কথা শুনতে হচ্ছে।”

    সেতুমন্ত্রী বলেন, “সড়ক দুর্ঘটনা মানুষ হিসেবে আমাকে কষ্ট দেয়। একটা মন্ত্রণালয়ে এতদিন দায়িত্ব পালন করার পরও সড়ক দুর্ঘটনা কমছে না। অথচ নিয়ম তো এমন হওয়া উচিত ছিল, এই বছরের ঈদে যে যানজট এবং দুর্ঘটনা ঘটবে, আগামী বছর তা আরও কমবে। কিন্তু সেখানে দুর্ঘটনা বাড়ছে। তাহলে আমরা কী কাজ করছি? আমাদের টিম ওয়ার্কের কী সফলতা আছে? এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ঢাকার মতো মফস্বল এলাকাগুলোতে পাম্পে তেল দেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেল চালকের হেলমেট বাধ্যতামূলক করতে হবে। বিআরটিএ জেলা প্রশাসকদের নির্দেশ দেবে যাতে প্রতিটি পাম্প হেলমেট বাধ্যতামূলক করে। ‘নো হেলমেট নো ফুয়েল’ এই নীতিতে আমরা যাবো। এটি আজকের মিটিংয়ের সিদ্ধান্ত।”

  • রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে উদগ্রীব রয়েছেন: ড. মোমেন

    রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে উদগ্রীব রয়েছেন: ড. মোমেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: রোহিঙ্গারা নিজ ভূমি ফিরতে উদগ্রীব রয়েছেন, বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “বাংলাদেশ ও মিয়ানমার সরকার রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব রয়েছেন।”

    আজ বুধবার (১৫ মে) জাতীয় সংসদ ভবনে মিয়ানমার বিষয়ক মালয়েশিয়ার উপদেষ্টা গ্রুপের চেয়ারম্যান তান  সৈয়দ হামিদ আলবারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ড. এ কে আব্দুল মোমেন।

    এসময়  মালয়েশিয়া ও বাংলাদেশের পার্লামেন্ট সদস্যদের মধ্য একটি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ ফোরাম গঠনে উভয়পক্ষ নীতিগতভাবে রাজি হয়েছে। এটা কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে উভয় দেশ কাজ করবে।

    ড. এ কে আব্দুল মোমেন বলেন, “মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরে নিতে রাজি আছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে উদগ্রীব হয়ে বসে আছে। বাংলাদেশ সরকারও তাদেরকে ফেরত পাঠানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে সব পক্ষ রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ কেন? কেন রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না? এর কারণ খতিয়ে দেখা দরকার।”

    পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সকল সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই।”

    সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এই সমস্যা শুধু মিয়ানমার ও বাংলাদেশের নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও বড় সমস্যার কারণ। এমনকি এটি বৈশ্বিক সমস্যা হিসেবেও আবির্ভূত হওয়ার সংশয় রয়েছে।”

    ড. একে আব্দুল মোমেন বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমার সরকারের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও নিয়মিতভাবে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।”

    এসময় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা ও কর্মের পরিবেশ নিশ্চিত করতে তিনি মালয়শিয়া সরকারের প্রতি অনুরোধ জানান ড. মোমেন।

    জবাবে তান শ্রী সৈয়দ হামিদ আলবার মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই -ভিসা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইনসের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাইপূর্বক কর্মী পাঠানোর আহ্বান জানান।

    বৈঠকে তান সৈয়দ হামিদ বিন আলবার মিয়ানমারের নির্যাতিত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে তাদের আশ্রয় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতেই হবে।

    মালয়েশিয়ার সাবেক এই মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হচ্ছে নিরাপদ, স্বেচ্ছা আর মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। আর নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন সফল করতে মালয়েশিয়া সরকার বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    উল্লেখ্য, আগামী বছর মালয়শিয়া আসিয়ানের সভাপতির দায়িত্ব পাবে।

    সাক্ষাতের সময় মায়ানমার বিষয়ক মালয়শিয়ার উপদেষ্টা গ্রুপের অন্যান্য সদস্য ছাড়াও ঢাকায় নিযুক্ত মালয়শিয়ার হাইকমিশনার উপস্থিত ছিলেন।

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো: পরিবেশমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “ডেনাল্ড লুর সঙ্গে অতীত নিয়ে কোনো আলোচনা হয়নি। বর্তমান সম্পর্ক এগিয়ে নিয়ে যাবো। কিছু বিষয়ে আমাদের অবস্থান অভিন্ন। জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো।”

    আজ বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ডোনাল্ড লু’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক আছে, এটাকে কীভাবে আগামীদিনে আরও এগিয়ে নিতে পারি এবং সেখানে স্বাভাবিকভাবে যে বিষয়গুলোতে আমাদের অবস্থান ভিন্ন যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবিলা করার ক্ষেত্রে দুই দেশ আরও কীভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি।”

    মন্ত্রী বলেন, “যখনই আমরা জলবায়ু নিয়ে কথা বলি পরিবেশের বিষয়টি চলে আসে। পরিবেশ, বন এবং জীববৈচিত্র্য। আমরা চাচ্ছি আমাদের আগামীদিনের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনা চেষ্টা করবো। আমাদের ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে। আমরা তিন/চার অথবা পাঁচ বছরের একটা কর্মসূচি নেবো। প্রতি বছরের সেই কর্মসূচির অধীনে আমরা কী কী কাজ করবো সেটা থাকবে।”

    ‌তিনি আরও বলেন, “এছাড়াও আমরা যেটা বলেছি জলবায়ু অর্থায়নের যে বিষয়টা আছে, সেখানে বিশেষ করে বিশ্বব্যাংক আছে, এডিবি আছে, আগামীদিনে তারা কীভাবে অর্থায়ন করবে জলবায়ুতে, সেটা একটা বড় বিষয়। কেননা আমরা যদি প্যারিস চুক্তির আলোকে দেখি, সেখানে চাহিদাটা ছিল বিলিয়ন ডলারের। এখন চাহিদা চলে যাচ্ছে ট্রিলিয়ন ডলারে। এখন ট্রিলিয়ন ডলার তো আর কোনো সরকারের কাছ থেকে আসবে না। মূলত আসবে এই ধরনের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাত থেকে।”

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, “দুদেশের মধ্যে সম্পর্কের কিছু বিষয় আছে যার একটা স্থায়িত্ব থাকে। আবার কিছু কিছু বিষয় তৈরি হতে পারে, যেটা বিশেষ একটা প্রেক্ষাপটে তাদের কিছু অবস্থান থাকতে পারে। আমরা আজ যেটা আলাপ করেছি, আমাদের যে মৌলিক বিষয়গুলো আছে, যেগুলো আমরা মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আলোচনা করেছি।”

    সাবের হোসেন চৌধুরী বলেন, “নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল। তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, কিন্তু সেটা তো আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি। সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, আমি এভাবে দেখি। এখন তো ওই পর্বটা আর নেই। আবার ইলেকশন হবে চার বা সাড়ে চার বছর পরে। তো এখন তো ইলেকশনের বিষয়টি এই আলোচনায় ভ্যালিডেড না। আর আমি আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কীভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করবো, সেটা নিয়েই মূলত আলোচনা।”

  • এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক ফিরেছেন স্বজনদের কাছে

    এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক ফিরেছেন স্বজনদের কাছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: জিম্মিদশা থেকে মুক্তির একমাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এই ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে এমভি জাহান মনি-৩।

    আজ মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়।

    জাহাজ থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারা। তিনটি টাগবোটের সহায়তায় এমভি জাহান মণি জাহাজটি এনসিটি ১ জেটিতে ভিড়ানো হয় বিকেল চারটির দিকে।

    এরপর জেটির সঙ্গে ভ্রাম্যমাণ সিঁড়ি যুক্ত করা হয়। সোয়া চারটার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে একে একে নামেন নাবিকরা। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের অপেক্ষমাণ স্বজনরা। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। এ হাসি যুদ্ধজয়ের।

    এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, কেএসআরএমের পরিচালক, সিইও এবং বন্দরের ঊধ্বর্তন কর্মকর্তারা।

    এর আগে দুপুরে কুতুবদিয়া বহির্নোঙরে অবস্থানরত এমভি আবদুল্লাহ থেকে অনানুষ্ঠানিকভাবে  ‘এমভি জাহান মনি ৩’ নামের লাইটার জাহাজে উঠে পড়েন ২৩ নাবিক। বন্দর জেটিতে নাবিকদের বীরোচিত সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

  • আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

    আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “আজ আমাদের আলোচনা শেষ হয়েছে। আমরা শ্রম আইন সংশোধন করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা এ বিষয়ে কিছু সাজেশন দিতে চায়। সাজেশনগুলো মূলত তারা এই কারণে দিতে চেয়েছিল, যে আইনটি হচ্ছে সেটি যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। আইএলওর কমিটি অব এক্সপার্টের সাজেশনগুলো যাতে নিষ্পত্তি হয়, সে বিষয়ে তাদের বক্তব্য ছিল।”

    আজ মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

    আইনমন্ত্রী বলেন, “আইএলওকে যে কো-অপারেশন সরকারের পক্ষ থেকে (দেওয়া হয়) সেটা আমরা চালিয়ে যেতে চাচ্ছি। সেজন্যই মূলত আমরা তিন দিন ধরে সেটা (শ্রম আইনের খসড়া) এক্সারসাইজ করেছি। এখানে মূলত কিছু কিছু ইস্যু, যেগুলো অ্যামেন্ডমেন্টে থাকার কথা বলেছেন।”

    তিনি বলেন, “শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছু কিছু বিষয়ে এসেছিল যেটি নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবে। সেটি আমি বলেছি নীতি-নির্ধারণ পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত হবে। আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত।”

    তিনি আরও বলেন, “কিছু কিছু বিষয় আছে ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত নেবে। তাদের বক্তব্য নোট করেছি, তাদের বক্তব্য সেখানে তুলে ধরব। সেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে, সেই সিদ্ধান্ত আমরা নেবো। কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলবো না।  কারণ বিস্তারিত বলতে গেলে হয়ত আমি কোথাও ভুল করব, সেজন্য আমি বলবো না।”

    আইনমন্ত্রী বলেন, “আমরা তিন দিন ধরে তাদের যে বক্তব্য সেটা শুনেছি। প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। মতবিনিময় করেছি। আমার মনে হয়, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, আমার মনে হয় এই আলোচনাটাই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।”

    তিনি বলেন, “আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন পড়েছেন, সেখানে তারা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন।”

    আনিসুল হক বলেন, “আমরা যে থ্রেডহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতির হার) ১৫ শতাংশে নিয়ে এসেছি, তারা এটির প্রশংসা করেছেন। তারা চায় এটা আরও কমে আসুক। আমরা যে বাস্তবতার কথা বলেছি, আমরা ২০১৭ সালে কমিটমেন্ট দিয়েছিলাম, এটা আমরা গ্রাজুয়ালি নামাবো। কমিটমেন্ট অনুযায়ী আমরা গ্রাজুয়েলি নামাচ্ছি। আমার মনে হয় আমাদের উভয়ের পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয়পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে।”

  • ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি: পাটমন্ত্রী

    ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি: পাটমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি, বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনে বলেন, “আজ ভারতের হাইকমিশনারের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের ভিসা পেতে মানুষের যে ভোগান্তি হচ্ছে, ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি, যাতে মানুষ অল্প সময়ের মধ্যে ভিসা পেতে পারে।”

    আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।সাক্ষাৎ শেষে মন্ত্রী নানক সাংবাদিকদের এ কথা জানান।

    পাটমন্ত্রী বলেন, “আমরা যেসব সমস্যার কথা বলেছি, সেসব বিষয়ে তিনি (হাইকমিশনার) একমত হয়েছেন। হাইকমিশনার বলছেন, যেসব সমস্যা রয়েছে, সেগুলো সহজ করার চেষ্টা করা হচ্ছে। বেশি লোড (চাপ) হয়, যা কখনো কখনো ওভারলোড হয়ে যায়। তা সামাল দেওয়ার জন্য যা প্রয়োজন, তা করতে হবে।”

    তিনি বলেন, “আমি গত বছর রাজনৈতিক সফরে ভারতে গিয়েছিলাম। সে সময় ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাকালেও বিষয়টি বলেছি।”

    চাপ কমাতে ভারতে অন অ্যারাইভাল ভিসার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, “এ বিষয়ে আলোচনা হয়েছে। উদাহরণ হিসেবে বলেছি, সৌদি আরবও ভিসা অনেক সহজ করেছে। আপনাদের আগের জায়গায় থাকলে চলবে না। আপনারা বলছেন, ওভারলোড হচ্ছে। দুই বছর মেয়াদি ভিসা দিলে লোড কম হতো। লোড কমাতে ভিসা দীর্ঘমেয়াদি করতে হবে। এ বিষয়ে হাইকমিশনার একমত হয়েছেন। তিনি বলেছেন, তারা চেষ্টা করছেন। নির্বাচনের পরে এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    পাটের অ্যান্টি ডাম্পিং নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, “ভারতে এখন নির্বাচন চলছে। নির্বাচনের পরে দুই সরকারের মধ্যে আলোচনা হবে। আমরা আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।”

    তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক আরও দৃঢ় করা। আমরা আমাদের পাটকলগুলোতে আরও বেশি বিনিয়োগ করার জন্য বলেছি। ইতোমধ্যে ভারতের তিনটি কোম্পানি আমাদের তিনটি জুটমিলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং কারো কারো সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে। ”

    তিনি বলেন, “আমরা ৭০ থেকে ৭৫ ভাগ পাটবীজ ভারত থেকে আমদানি করি। এজন্য আমরা বলেছি আমাদের মানসম্পন্ন পাটবীজ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই পাটবীজ দিতে হবে। কোনোক্রমেই যে বিলম্ব না হয়, সে বিষয়ে নজর রাখার জন্য ভারতকে অনুরোধ করেছি। এ বিষয়ে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি।”

    তিনি আরও বলেন, “ভারত সিল্কে অনেক বেশি এগিয়ে গেছে। সিল্ক উৎপাদনে ভারত পৃথিবীর শীর্ষে। এজন্য দেশে মানসম্মত সিল্ক উৎপাদনে আমাদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছি। টেক্সটাইল খাতে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করছি। এটি আরও জোরদার করতে একমত হয়েছেন। আমাদের মাঝারি ও ক্ষুদ্র শিল্পে আরও বেশি বিনিয়োগ করার জন্য অনুরোধ করেছি। কারণ আমাদের অনেকগুলো জুটমিল বন্ধ হয়ে আছে। সেগুলোকে আবার কর্মযজ্ঞে ফেরাতে চাই। এ বিষয়ে সোহার্দ্যপূর্ণ আলোচনা করেছি। ”

    পাটবীজ উৎপাদন বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পাট অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে একটি প্রজেক্ট চালু রয়েছে পাটবীজ উৎপাদনে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য। এর মাধ্যমে আমরা পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে পারব।”

    রাজনৈতিক বিষয় নিয়ে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, “ভারতে নির্বাচন চলছে, আমরাও নির্বাচন করেছি। এই মুহূর্তে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।”

    ডোনাল্ড লু দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন এক্ষেত্রে রাজনৈতিকভাবে বিষয়টি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফর নিয়ে অনেকেই আনন্দে আটখানা হয়েছিলেন। ডোনাল্ড লু যেন এসেছিলেন তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের পর ডোনাল্ড লু আবার এসেছেন। ভৌগলিক কারণে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য বাংলাদেশ সরকার, জনগণের সরকার ও শেখ হাসিনা সরকারের সঙ্গে সার্বিকভাবে আরও সম্পর্ক ঘনিষ্ঠ এবং দৃঢ় করতে তিনি এসেছেন। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”